আগামী ৩০ নভেম্বর (সোমবার) কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে ইতোমধ্যে জেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে প্রস্তুতি শুরু হয়েছে। কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান গণমাধ্যমকে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। পাশাপাশি জেলার দীর্ঘদিনের সংকটে থাকা ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান কুষ্টিয়া সুগার মিল লিমিটেড ও মোহিনী মিলস লিমিটেডের অর্থনৈতিক পুনরুজ্জীবন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করার কথা রয়েছে।
এ ছাড়া একই দিন কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিতব্য জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন-পরবর্তী উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনী ইশতেহারে দেওয়া ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এ সফর করবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কুষ্টিয়াবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে বন্ধ ও সংকটাপন্ন অবস্থায় থাকা কুষ্টিয়া সুগার মিল ও মোহিনী মিলস পুনরুজ্জীবনের বিষয়ে প্রধানমন্ত্রীর উদ্যোগের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয়রা। সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে কুষ্টিয়ার স্বাস্থ্যসেবা, শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
মতামত