বান্দরবানের থানচি উপজেলার দুর্গম মদক সীমান্তে বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়ে গেল আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।
গত ১১ নভেম্বর ২০২৬ (বুধবার) থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে ও আলীকদম ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় রেমাক্রি ইউনিয়নে এই মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক দমনসহ আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে সর্বদা পেশাদারিত্ব দেখিয়ে আসছে। এর পাশাপাশি “অপারেশন উত্তরণ”-এর আওতায় দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সাধারণ মানুষের মাঝে মানবিক সহায়তা দিয়ে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি ও পারস্পরিক আস্থা সুদৃঢ় করছে।
ক্যাম্পেইনে মদক এলাকার ১৮টি পাড়ায় বসবাসরত ০ থেকে ১১ বছর বয়সী ৫০ জনের অধিক শিশুকে সরকারি ইপিআই টিকাসহ হাম-রুবেলা, টাইফয়েড ও অন্যান্য প্রয়োজনীয় টিকা দেওয়া হয়। এছাড়া বিভিন্ন বয়সের নারী-পুরুষ মিলিয়ে আরও ৭৫-৮০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী দেওয়া হয়।
বিজিবি জানায়, দুর্গম পাহাড়ি এলাকার নিম্ন আয়ের ও হতদরিদ্র নৃ-গোষ্ঠী জনসাধারণের একমাত্র ভরসার প্রতীক হিসেবে বিজিবি সর্বদা তাদের পাশে রয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায়ও এ ধরনের মেডিকেল ক্যাম্পেইন আয়োজনের পরিকল্পনা রয়েছে। সকলের আন্তরিক সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
মতামত