সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে ২০২৬ সালে মাগুরায় ছয় দফায় ১২২টি পরিবারের মাঝে ৪ কোটি ২৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের অনুমোদন এবং স্থায়ী অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের হাতে এসব সহায়তার চেক তুলে দেওয়া হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
বিআরটিএ মাগুরা সার্কেল থেকে প্রাপ্ত তথ্য ও চেক বিতরণের তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, ২০২৬ সালের বিভিন্ন সময়ে ছয়টি ধাপে এই অর্থ বিতরণ সম্পন্ন হয়। এর মধ্যে প্রথম তিন দফায় ১৮টি পরিবারের মাঝে ৬৮ লাখ টাকা, ১১টি পরিবারের মাঝে ১৪ লাখ টাকা এবং ১০টি আহত ও নিহত পরিবারের মাঝে ৪৬ লাখ টাকা দেওয়া হয়েছে।
এ ছাড়া ২৬ ফেব্রুয়ারি ১৯টি পরিবারের মধ্যে ৬৭ লাখ টাকা, ১৩ সেপ্টেম্বর ৫০টি পরিবারের মধ্যে ১ কোটি ৮২ লাখ টাকা এবং সর্বশেষ ৮ নভেম্বর ১৪টি পরিবারের মধ্যে ৪৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়। ছয় দফার সমন্বিত হিসাব অনুযায়ী, মোট ১২২টি উপকারভোগী পরিবার এই ৪ কোটি ২৫ লাখ টাকার আর্থিক সহায়তা পেয়েছে।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকারের এই আর্থিক সহায়তা উদ্যোগটি স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে। তবে একইসঙ্গে বিপুল পরিমাণ ক্ষতিপূরণ ব্যয়ের এই চিত্র জেলার সড়ক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। সড়কে প্রাণহানি, পঙ্গুত্ব ও পরিবারের আকস্মিক আর্থিক বিপর্যয়ের ঘটনা আশঙ্কাজনক হারে ঘটছে। কোনো পরিবার হারাচ্ছে একমাত্র উপার্জনক্ষম সদস্যকে, আবার কোনো পরিবারকে গুরুতর আহত সদস্যের দীর্ঘমেয়াদী চিকিৎসা ও জীবিকা নির্বাহের বাড়তি চাপ সামলাতে হচ্ছে। সচেতন মহলের মতে, সরকারি অনুদান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সাময়িক স্বস্তি আনলেও দুর্ঘটনা প্রতিরোধে বিদ্যমান আইনের প্রয়োগ ও সড়ক ব্যবস্থাপনার কার্যকারিতা আরও জোরদার করা জরুরি।
এ বিষয়ে বিআরটিএ মাগুরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) কেশব কুমার দাস জানান, সরকারি নিয়ম ও যাচাই-বাছাই প্রক্রিয়া অনুসরণ করেই ২০২৬ সালে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে চার কোটি ২৫ লাখ টাকার এই আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
মতামত