বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের রেইচা ও গোয়ালিয়াখোলা এলাকায় পরিবেশ ধ্বংস করে অবাধে গাছ কাটার মহোৎসব চলছে। পাহাড়ের সবুজ বুক চিরে অবৈধভাবে মূল্যবান বনজ সম্পদ উজাড় করে তা পাচার করা হচ্ছে বিভিন্ন স্থানে। স্থানীয়দের অভিযোগ, এই অবৈধ বন ধ্বংস ও গাছ পাচারের নেপথ্যে রয়েছে স্থানীয় বিএনপি নেতা সরওয়ার জামালের প্রত্যক্ষ মদদ ও নেতৃত্ব।
পরিবেশবাদী ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র রাতের আধারে এবং কখনো দিনের আলোতেই পাহাড়ের বিভিন্ন সংরক্ষিত ও প্রাকৃতিক বনাঞ্চল থেকে লতাপাতা, বাঁশ ও মূল্যবান পাহাড়ি সেগুন গাছ কেটে পাচার করছে। রেইচা ও গোয়ালিয়াখোলা এলাকার সংবেদনশীল পাহাড়ি ঢাল ও ঝিরি সংলগ্ন বনাঞ্চল থেকে গাছগুলো কেটে নেওয়ার ফলে একদিকে যেমন পাহাড়ের জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, অন্যদিকে ভূমিধস ও পরিবেশ বিপর্যয়ের মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, বিএনপি নেতা সরওয়ার জামালের রাজনৈতিক প্রভাব এবং ক্ষমতার অপব্যবহারের কারণে বন বিভাগসহ সংশ্লিষ্ট প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নিতে সাহস পাচ্ছে না। চক্রটি পাহাড়ের সৌন্দর্য ও ভারসাম্য নষ্ট করে অবৈধভাবে কাঠ বিক্রি করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, "এভাবে নির্বিচারে পাহাড় কাটা ও গাছ নিধন চলতে থাকলে অচিরেই এই জনপদ মরুভূমিতে পরিণত হবে এবং ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়বে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা না নিলে এলাকার পরিবেশ চিরতরে ধ্বংস হয়ে যাবে।"
এ বিষয়ে সচেতন মহলের দাবি, অবিলম্বে এই অবৈধ গাছ কাটা ও পাচার চক্রের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি পরিবেশ রক্ষায় বন বিভাগ এবং স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন তারা।
এই বিষয় বিএনপি নেতা সরওয়ার জামাল এর যোগাযোগ করতে চাইলে একাধিক বার ফোন দেওয়ার পরেও তিনি ফোন রিসিভ করেনি এবং বক্তব্য দিতে অনিহা প্রকাশ করেছেন।
মতামত