নতুন বছর শুরু হতে এখনো ঢের দেরি, হাতে রয়েছে প্রায় দেড় মাস। অথচ এর আগেই মনিরামপুরের মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসাগুলোতে পৌঁছাতে শুরু করেছে নতুন বছরের নতুন বই। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই পাওয়া নিয়ে যেখানে অতীতে শিক্ষক-অভিভাবকদের মনে শঙ্কা থাকত মাসের পর মাস, সেখানে এবার এক ব্যতিক্রমী ও আনন্দঘন চিত্র দেখা গেছে। বার্ষিক পরীক্ষার আগেই ঘ্রাণ ছড়াচ্ছে নতুন পাতার গন্ধ। সরকারের এই যুগান্তকারী পদক্ষেপে স্বস্তি ও আনন্দের বান ডেকেছে পুরো জনপদে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ১১৯টি মাধ্যমিক বিদ্যালয়, ৬৯টি দাখিল মাদরাসা এবং ২৭টি ইবতেদায়ি মাদরাসা রয়েছে। এর বিপরীতে ইবতেদায়িতে ৯১,৬০০, দাখিলে ১,৪০,৩৮০ এবং মাধ্যমিকে ২,৯৪,৪৮০ খানা বইয়ের চাহিদা পাঠানো হয়েছিল। ইতোমধ্যে ইবতেদায়ির শতভাগ, দাখিলের ১,০২,৭০০ এবং মাধ্যমিক স্তরের ৯০,২০০ বই এসে পৌঁছেছে এবং তা দ্রুত স্ব স্ব প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে। বাকী বইগুলোও খুব শীঘ্রই এসে পৌঁছাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।
আগে যেখানে বছরের প্রথম দুই-তিন মাস বইয়ের অপেক্ষায় কেটে যেত এবং পড়াশোনার গতি থমকে দাঁড়াত, এবার তার উল্টো চিত্র। কুয়াদা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ রায় বলেন, মঙ্গলবারই আমরা সপ্তম ও নবম শ্রেণির বই হাতে পেয়েছি। আগেভাগে এমন সুসংবাদ পাবো, ভাবতেই পারিনি।
পাতন দাখিল মাদরাসার সহ-সুপার আকতারুজ্জামান উচ্ছ্বাস প্রকাশ করে জানান, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সব বই এরই মধ্যে তাদের হাতে এসে পৌঁছেছে।
নতুন বই হাতে পাওয়ার আনন্দে ভাসছে কোমলমতি শিক্ষার্থীরাও। টেংরামারী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী লামিয়া খাতুন জনায়, "আগের বছরগুলোতে জানুয়ারির মাঝামাঝিতেও সব বই পাইনি, ফলে পড়ালেখায় মারাত্মক ব্যাঘাত ঘটেছিল। এবার ডিসেম্বরের আগেই নতুন বই পেলে ছুটির সময়েই অনেকটা এগিয়ে রাখতে পারব।"
অভিভাবকদের চোখেও এখন আশার ঝিলিক। টেংরামারী বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক জিয়াউর রহমান বলেন, "বাচ্চারা বলতো বই নেই ক্লাস হবে না, তাই স্কুলেও যেতে চাইত না। এবার পরীক্ষার পরপরই নতুন বই হাতে পেলে তাদের কোনো সময় নষ্ট হবে না। সরকারের এই চমৎকার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
মনিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বাকি বিল্লাহ জানান, "যে বইগুলো আসছে, আমরা সাথে সাথেই তা প্রতিষ্ঠানে পৌঁছে দিচ্ছি। আশা করছি খুব দ্রুতই বাকি বইগুলোও চলে আসবে এবং শতভাগ শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া সম্ভব হবে।
বছরের প্রথম দিনেই নতুন বইয়ের সমারোহ আর শিক্ষার্থীদের বাঁধভাঙা হাসিতে এবার এক নতুন সম্ভাবনার দোলা লেগেছে মনিরামপুরজুড়ে।
মতামত