অতিরিক্ত দায়িত্ব পালনের অজুহাতে নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকছেন না ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সমবায় কর্মকর্তা আহমেদ হোসেন। তাঁর অনুপস্থিতিতে প্রয়োজনীয় সেবা না পেয়ে চরম ভোগান্তিতে পড়ছেন উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও সাধারণ সেবাগ্রহীতারা। ব্যাহত হচ্ছে সমবায় সমিতিগুলোর স্বাভাবিক কার্যক্রমও।সোমবার বেলা ১১টার দিকে উপজেলা সমবায় কার্যালয়ে গিয়ে দেখা যায়, কার্যালয়ের দরজার দুটি পাল্লা আটকানো। একইভাবে মঙ্গলবার একই সময়ে কার্যালয়ে গিয়ে কর্মকর্তাকে পাওয়া যায়নি। এ সময় দপ্তরের সহকারী পরিদর্শক মনা মণ্ডল ও অফিস সহায়ক জয়নাল আবেদিনের কাছে কর্মকর্তার বিষয়ে জানতে চাইলে তাঁরা জানান, তিনি অফিসে আসেননি, তবে আসবেন। কখন আসবেন, তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।
স্থানীয় একাধিক সমবায়ী ও সেবাগ্রহীতার অভিযোগ, উপজেলা সমবায় কর্মকর্তা আহমেদ হোসেন সপ্তাহের অধিকাংশ দিনই কার্যালয়ে উপস্থিত থাকেন না। মাঝেমধ্যে অফিসে এলেও অল্প সময় অবস্থান করে চলে যান। ক্ষুদ্র বাঁশবাড়ী এলাকার নুর ইসলাম, ভান্ডারা এলাকার মোবারক আলীসহ কয়েকজন অভিযোগ করেন, তাঁরা একাধিকবার অফিসে এসেও কর্মকর্তার দেখা পাননি।তাঁদের অভিযোগ, কর্মকর্তার অনুপস্থিতির কারণে নতুন সমবায় সমিতির নিবন্ধন, বার্ষিক অডিট, নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে সমবায় সমিতিগুলোর কার্যক্রমেও স্থবিরতা দেখা দিয়েছে।সেবা নিতে আসা কয়েকজন সমবায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা দূর-দূরান্ত থেকে যাতায়াত খরচ করে অফিসে আসি। কিন্তু এসে জানতে পারি কর্মকর্তা নেই। অফিসের কর্মচারীরাও বলতে পারেন না তিনি কখন আসবেন। একজন কর্মকর্তার এমন অনিয়মিত উপস্থিতির কারণে আমাদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। এলাকায় নতুন সমবায় সমিতি গঠনের কার্যক্রমও কমে যাচ্ছে। ইতিমধ্যে গঠিত অনেক সমিতির কার্যক্রমও কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ রয়েছে। তাঁরা আরও বলেন, সম্প্রতি অনুষ্ঠিত সমবায় দিবসের কর্মসূচিতেও মানুষের উপস্থিতি কম ছিল, যা সমবায় কার্যক্রমের বর্তমান পরিস্থিতির একটি উদাহরণ।
কর্মস্থলে নিয়মিত উপস্থিত না থাকার বিষয়ে জানতে উপজেলা সমবায় কর্মকর্তা আহমেদ হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি রাতোরে আছি।” অফিসে উপস্থিত না থাকার বিষয়ে জানতে চাইলে তিনি আবারও একই কথা বলেন।
এদিকে জানা গেছে, তাঁর মূল কর্মস্থল রাণীশংকৈল হলেও তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ঠাকুরগাঁও সদরেও দায়িত্ব পালন করেন। জেলা শহর থেকে রাণীশংকৈলে আসার পথে রাতোর এলাকা অতিক্রম করতে হয় তাঁকে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান বলেন, “শুনেছি, তিনি ঠাকুরগাঁও সদরে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। তবে পরপর দুই দিন অফিসে কেন আসেননি, সে বিষয়ে খোঁজ নেওয়া হবে।জেলা সমবায় কার্যালয়ের সহকারী নিবন্ধক ইনামজ্জামান বলেন, “আহমেদ হোসেনের মূল কর্মস্থল রাণীশংকৈল। সেখানে পরপর দুই দিন অফিসে উপস্থিত না থাকার বিষয়টি খতিয়ে দেখা হবে।
মতামত