কার্তিকের শেষ দিকে বাকেরগঞ্জের বিভিন্ন হাট বাজারে শীত কালীন সবজির সহজলভ্যতায় ক্রেতাদের মনে স্বস্তি ফিরেছে। বাজারে বৃদ্ধি পেয়েছে হরেক রকমের সবজির সরবরাহ।
উপজেলার সবচেয়ে বড় হাট বোয়ালিয়া, কলসকাঠি, কালিগঞ্জ সহ স্হানীয় মাঝারি ও ছোট বাজার গুলো এখন শীতের তরতাজা শাক- সবজিতে ভরা।
বর্তমানে স্হানীয় কৃষকদের উৎপাদিত নতুন সবজির সরবরাহ বাড়ায় দাম এখন অনেক কম। উপজেলার সবজির বাজার গুলো এখন রং - বেরংয়ের টাটকা সবজিতে ভরা।
গত এক সপ্তাহের ব্যবধানে চলতি সপ্তাহে বাজারে শীত কালীন সবজি প্রচুর সরবরাহ বেড়েছে। স্হানীয় কৃষকেরা জানান,এ বছর আবহাওয়া অনুকুল থাকার কারণে শীতের প্রারম্ভেই বাজারে বেড়েছে টাটকা তরতাজা সবজির ব্যাপক সরবরাহ।
অপরদিকে বাজারে সবজির দাম কিছুটা কম হলেও উৎপাদন বৃদ্ধি পাওয়ায় খুশি কৃষকেরা।
বাজার করতে আসা সাধারণ ক্রেতারা জানান, শীত কালীন সবজির সহজলভ্যতায় তাদের পারিবারিক খরচে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে। তবে শীতের তীব্রতা বাড়ার সাথে সবজির উৎপাদন ও সরবরাহ আরও বাড়বে বলে জানান পাইকারি সবজি বিক্রেতারা।
বাকেরগঞ্জ উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে কৃষকেরা অনুকূল আবহাওয়ার পূর্ণ সুবিধা পেয়েছে। তাই সময়মত জমি তৈরি ও বীজ বপন করার কারণে সবজি উৎপাদন বৃদ্ধি পেয়েছে। অপরদিকে উৎপাদিত সবজিও সরাসরি ক্ষেত থেকে বাজারে ভোক্তার হাতে পৌঁছে যাচ্ছে,যার কারণে কৃষকেরা ন্যায্য মুল্য পাচ্ছে অপরদিকে ক্রেতা সাধারণও সুলভমুল্যে বাজার থেকে কৃষি পন্য কিনতে পারছে। এক্ষেত্রে কৃষক ও ভোক্তা উভয় শ্রেনীর মানুষই উপকৃত হচ্ছে।
মতামত