ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদ দখল, অবৈধ খনন ও বালু লুটপাট বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ময়মনসিংহ মঞ্চ।
শুক্রবার বিকেলে নগরীর কাচারীঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে আয়োজিত এ মানববন্ধনে সংগঠনটির সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ব্রহ্মপুত্র নদের জায়গা দখল করে খেলার মাঠ নির্মাণ এবং অবৈধভাবে নদ খননের কার্যক্রম নদীর স্বাভাবিক পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। নদ রক্ষার নামে চলমান বিভিন্ন কার্যক্রমের স্বচ্ছতা এবং খননকাজে ব্যয় হওয়া অর্থের হিসাব নিয়েও প্রশ্ন তোলেন তারা।
এ সময় ময়মনসিংহ মঞ্চের মুখ্য সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ তানসেন বলেন, নদের জায়গা দখল করে খেলার মাঠ নির্মাণ ও অবৈধ খনন কোনোভাবেই পরিবেশ সংরক্ষণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নদী রক্ষার নামে এমন কর্মকাণ্ড বন্ধ করতে হবে।
মানববন্ধন থেকে ব্রহ্মপুত্র নদ দখলমুক্ত করা, অবৈধ বালু উত্তোলন ও লুটপাট বন্ধ এবং নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
মতামত