স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি করে কারখানার উৎপাদন বন্ধের চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক স্বার্থে শ্রমিকদের উসকানি দিয়ে উৎপাদন ব্যাহত করার চেষ্টা বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, দেশের কিছু এলাকায় গার্মেন্টস কারখানা বন্ধ ও উৎপাদন ব্যাহত করার চেষ্টা চলছে। এসব ঘটনার সবকিছু শ্রমিকদের দাবি-দাওয়ার সঙ্গে সংশ্লিষ্ট নয়। বরং কিছু মহল রাজনৈতিক উদ্দেশ্যে শ্রমিকদের উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ জানান, যেসব কারখানা ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে, সেগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কেউ কারখানা বন্ধ করতে বা উৎপাদন ব্যাহত করতে চাইলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শ্রমিকদের দাবি প্রসঙ্গে তিনি বলেন, তাদের দাবিগুলো বিবেচনায় নিয়ে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। শ্রমিকনেতা ও মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা হয়েছে। উভয় পক্ষ আলোচনায় সন্তুষ্ট রয়েছে।
তিনি আরও জানান, মজুরি বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে। সেখানে শ্রমিক ও মালিকপক্ষের আলোচনার ভিত্তিতে নতুন মজুরি নির্ধারণ করা হবে। শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়টি বিবেচনায় রেখে ন্যূনতম মজুরি ঠিক করার আহ্বান জানানো হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, পতিত ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট কিছু মহল রাজনৈতিক স্বার্থে পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে জানান তিনি।
মতামত