ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পের ভেতরে নিজের নামে ইস্যু করা পিস্তলের গুলিতে প্রাণ হারিয়েছেন জাহাঙ্গীর আলম (৫২) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই)।
বুধবার ৪ ই নভেম্বর ২০২৬ সকাল সাড়ে ৭টার দিকে ক্যাম্পের ভেতরে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।নিহত জাহাঙ্গীর আলম আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়িতে সশস্ত্র উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর পিতার নাম মৃত আলী আকবর তালুকদার। তিনি ফরিদপুরের কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের বাসিন্দা। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু কাওসার জানান, সার কারখানার নিরাপত্তার দায়িত্বে পুলিশ ক্যাম্পে ১০ থেকে ১২ জন সদস্যের একটি দল নিয়োজিত রয়েছে। ওই দলের সদস্য ছিলেন এসআই জাহাঙ্গীর আলম। বুধবার সকালে ক্যাম্পের ভেতরে এ ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক তথ্যে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তসাপেক্ষ।পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
একজন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার এমন আকস্মিক মৃত্যুতে সংশ্লিষ্ট মহলে শোকের সৃষ্টি হয়েছে। তবে কী পরিস্থিতিতে এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।
মতামত