সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা ও মাঝারি থেকে ভারী বজ্রসহ বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এ কারণে দেশটির কয়েকটি অঞ্চলে রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)।
রোববার (১ নভেম্বর) দেওয়া এক সতর্কবার্তায় সংস্থাটি জানায়, ঘন কুয়াশার কারণে পূর্বাঞ্চলীয় প্রদেশের কয়েকটি এলাকায় দুটি রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এ ছাড়া একই অঞ্চলের অন্যান্য এলাকায় জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট।
আবহাওয়া সতর্কতায় রেড অ্যালার্টের অর্থ হলো গুরুতর বিপদের আশঙ্কা। অন্যদিকে, অরেঞ্জ অ্যালার্টের মাধ্যমে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ আবহাওয়ার বিষয়ে আগাম সতর্ক করা হয়।
এদিকে নর্দান বর্ডার, হাইল, মক্কা, আসির, আল-বাহা ও জাজান অঞ্চলের কিছু এলাকায় মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে এনসিএম।
সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, জাজান, আসির, আল-বাহা, মক্কা, মদিনা, হাইল এবং নর্দার্ন বর্ডারস অঞ্চলের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বজ্রঝড় হতে পারে। একইসঙ্গে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে আকস্মিক বন্যা হতে পারে।
এসব অঞ্চলের পাশাপাশি রিয়াদ ও আল-কাসিমের কিছু এলাকায় ধুলো ও বালুঝড় সৃষ্টিকারী প্রবল বায়ু ঝড় বয়ে যেতে পারে বলে আবহাওয়া কেন্দ্র জানিয়েছে।
মতামত