বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি (২৮)-এর মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর বন্ধুস্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে নৌ পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শুক্রবার দুপুর ১টার দিকে দ্বীপকে সঙ্গে নিয়ে টঙ্গীর হোন্ডা রোড এবং হাজী মাজার বস্তি সংলগ্ন ইজতেমার মাঠ পরিদর্শন করেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে বুধবার বিকেলে ঢাকার তুরাগ নদের রাজবাড়ী ঘাট থেকে তাহসিফের ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে কাছাকাছি টঙ্গীর সেনাকল্যাণ সংস্থার পাশে হোন্ডা রোড থেকে একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। শুক্রবার ওই মোটরসাইকেল উদ্ধারের স্থান এবং হাজী মাজার বস্তি সংলগ্ন ইজতেমার মাঠ ঘুরে দেখেন পুলিশ ও পিবিআইয়ের কর্মকর্তারা।
তাহসিফের মৃত্যুর ঘটনার রহস্য উদ্ঘাটনে এসব স্থান পরিদর্শন করা হয়েছে বলে জানা গেছে।
তাহসিফের মৃত্যুর আগে এই স্থানটিতেই এসেছিলেন তাহসিফ ও দ্বীপ। জিজ্ঞাসাবাদে দ্বীপ পুলিশকে বলেছেন, ‘সেদিন তারা ঘটনাস্থলে কথা বলছিলেন। এ সময় কিছু লোক তাদের ধাওয়া করে। তাহসিফ নদে ঝাঁপ দেন। আর তিনি পালিয়ে আসেন।’ পিবিআই কর্মকর্তারা বলছেন, ‘রাজবাড়ী ঘাট এলাকাটি মাদকের স্পট হিসেবে পরিচিত। যারা ধাওয়া দিয়েছিল তারা মাদক কারবারি হতে পারে এমন প্রাথমিক ধারণা করা হচ্ছে। তাদের ধাওয়ায় তাহসিফ নদে পড়ে ডুবে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।’
পিবিআই জানায়, বুধবার রাতে দ্বীপকে তথ্য সংগ্রহের জন্য পিবিআইয়ের ঢাকা মেট্রো উত্তরে নেওয়া হয়। যেহেতু দুইজন একসাথে ছিলেন। কোথায় কোথায় গিয়েছিলেন- তার দেওয়া এ ধরনের কিছু তথ্য যাচাই-বাছাই চলছে। জিজ্ঞাসাবাদের জন্যই তাকে হেফাজতে নিয়েছে পিবিআই।
যে মোটরসাইকেলটি নিয়ে তাহসিফ বাসা থেকে বের হয়েছিলেন উদ্ধার করা মোটরসাইকেল সেটিই বলে নিশ্চিত হয়েছে পিবিআই। তবে নম্বর প্লেটবিহীন এই মোটরসাইকেলটি তাহসিফের কিনা তা যাচাই করছে পিবিআই। নম্বর প্লেট না থাকায় এর মূল মালিকানা যাচাই করা হচ্ছে।
হেফাজতে নেওয়ার পর দ্বীপের কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়ার কথা জানিয়েছে পিবিআই। পিবিআইয়ের পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, ‘দ্বীপ বলেছে, আমরা সেখানে (ঘটনাস্থল) কথা বলছিলাম। এ সময় কিছু লোক ধাওয়া করে। তাহসিফ নদীতে ঝাঁপ দেয়। আর আমি পালিয়ে আসি। তার এ কথাসহ জিজ্ঞাসাবাদে পাওয়া অন্যান্য তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।’
পুলিশ সুপার আরও বলেন, ‘যে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে তাতে কোনো নম্বর প্লেট নেই। তাহসিফ যে মোটরসাইকেলটি ব্যবহার করতেন তাতেও কোনো নম্বর প্লেট নেই বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, এটি তারই মোটরসাইকেল। তবে বিষয়টি নিশ্চিত হতে আরও যাচাই-বাছাই করা হচ্ছে।’
পিবিআইয়ের ছায়া তদন্তে এসব তথ্য উঠে এসেছে। পিবিআই জানিয়েছে, এই মামলার মূল তদন্ত করছে নৌ পুলিশ। ঘটনাটি জাতীয় গুরুত্বপূর্ণ হওয়ায় তারা এর ছায়া তদন্ত করছে। নৌ পুলিশকে সহযোগিতার জন্য পুলিশের অন্যান্য ইউনিটের মতো কাজ করে যাচ্ছে পিবিআই। প্রাপ্ত তথ্য সবকিছু নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।
মতামত