দীর্ঘ ৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। দুই প্রার্থীর কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ভোট দেবেন সংসদ সদস্যরা।
রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ। রাজনৈতিক অঙ্গনে মির্জা ফখরুলের জয়ের সম্ভাবনাই বেশি বলে আলোচনা থাকলেও অলি আহমেদ প্রার্থিতা বহাল রাখায় ভোটের প্রয়োজন পড়ছে।
মঙ্গলবার নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ জানান, ১৮ আগস্ট ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় সংবিধান অনুযায়ী ভোটগ্রহণের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হবে।
আগামীকাল দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোট চলবে। ভোট শেষে সেখানেই ব্যালট যাচাই ও গণনা করা হবে এবং নির্বাচনী কর্মকর্তা প্রাথমিক ফল ঘোষণা করবেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেওয়ার সুযোগ পাবেন। তাদের জন্য প্রয়োজনীয় ব্যালটের পাশাপাশি কিছু অতিরিক্ত ব্যালটও প্রস্তুত রাখা হয়েছে।
ভোটের দিন সংসদ সদস্যদের কাছে আগাম বা ডাকযোগে ব্যালট পাঠানো হবে না। নির্ধারিত কর্মকর্তাদের মাধ্যমে ভোটকেন্দ্রে সরাসরি তাদের হাতে ব্যালট দেওয়া হবে। পুরো ভোটপ্রক্রিয়া পরিচালনায় ইসির প্রায় ২০ জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
ভোট শেষে দ্রুত ফল প্রকাশ এবং পরবর্তী সময়ে বিজয়ী প্রার্থীর নামে গেজেট প্রকাশ করা হবে। আগামী ২০ আগস্টের ভোটের মধ্য দিয়েই দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হবে।
মতামত