বগুড়ার শাজাহানপুর উপজেলায় শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চন্ডিবর সৌখিন স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে খরনা নাদুরপুকুর ফুটবল একাদশ। শিরোপাজয়ী দল প্রথম পুরস্কার হিসেবে পেয়েছে একটি বিশাল ষাঁড় গরু। রানার্সআপ দলকে দেওয়া হয়েছে একটি বড় খাসি।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার বনভেটি হাইস্কুল মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে দুই দলের মধ্যে গোল না হওয়ায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৪ গোলে জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করে খরনা নাদুরপুকুর ফুটবল একাদশ।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি বিশাল ষাঁড় গরু তুলে দেন অনুষ্ঠানের উদ্বোধক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ। অন্যদিকে রানার্সআপ চন্ডিবর সৌখিন স্পোর্টিং ক্লাবের হাতে তুলে দেওয়া হয় একটি বড় খাসি।
এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশের পিপিএম পদকপ্রাপ্ত কর্মকর্তা মির্জা সায়েম মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সাবেক সহপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফজলুল হক উজ্জ্বল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাহীন সানি, উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, আড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বিএনপি নেতা তাজুল ইসলাম এবং উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবলু মন্ডলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
মতামত