সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুরের ঐতিহাসিক ধর্মসভা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মন্দির পরিচালনা কমিটির হাতে ১০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে তিনি এই পূজামণ্ডপে পৌঁছান। সড়কপথে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা বাসে করে ধর্মসভা রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছালে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান মন্দির কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ।
মন্দিরে প্রবেশ করে প্রধানমন্ত্রী সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ এবং পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় হাত নেড়ে তিনি উপস্থিত সর্বস্তরের লোকজনকে শারদীয় শুভেচ্ছা জানান। পরে মন্দির কমিটির হাতে অনুদানের চেক হস্তান্তর করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম রংপুর সফর।
রংপুরের পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। সেখান থেকে তার রাজশাহীর একটি পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।
মতামত