রংপুরে যাওয়ার পথে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে দেখে বাস থামিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলার পাশাপাশি ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী উপহার দেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা হন তিনি। পথে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে শিক্ষার্থীদের দেখতে পেয়ে গাড়িবহর থামানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং সেলফি তোলেন। এ সময় তিনি কলেজের শিক্ষার্থীদের জন্য ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী উপহার দেন।
প্রধানমন্ত্রীর আকস্মিক উপস্থিতিতে উচ্ছ্বসিত হয়ে ওঠেন শিক্ষার্থীরা। সাক্ষাতের সময় কলেজের অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন বিষয়ও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন তারা। বিশেষ করে দুটি ছাত্রাবাস ও একটি হলরুম নির্মাণের দাবি জানিয়ে লিখিত আবেদন দেওয়া হয়।
সফরসূচি অনুযায়ী, সৈয়দপুর থেকে রংপুরে গিয়ে ধর্মসভা বা রাধাগোবিন্দ মন্দির পরিদর্শনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
রাজশাহীতে পৌঁছে হজরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দর থেকে ধর্মসভা মন্দির পরিদর্শনে যাবেন তিনি। পরে রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান শেষে নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠের জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
পরবর্তীতে বিমানযোগে চট্টগ্রামে গিয়ে নগরীর রহমতগঞ্জের জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। সফর শেষে রাতে বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
মতামত