পবিত্র ওমরাহ পালন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সৌদি আরবের পবিত্র মক্কায় পবিত্র কাবা শরিফ প্রাঙ্গণে ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর নিজের অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কাবা শরিফের সামনে থেকে একটি ভিডিও শেয়ার করেন কেয়া পায়েল। ভিডিওটিতে কালো বোরখা পরিহিত অবস্থায় তাকে কাবা শরিফের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।’ তার এই প্রকাশভঙ্গিতে ওমরাহ পালনের অভিজ্ঞতা যে তার জীবনে এক পরম শান্তির মুহূর্ত নিয়ে এসেছে, সেটিই ফুটে উঠেছে।
পোস্টটির মন্তব্যের ঘরে অনেকেই অভিনেত্রীকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। তবে একইসঙ্গে কেয়া পায়েল তার পোস্টে নেতিবাচক মন্তব্য করা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি লেখেন, ‘কেউ বাজে মন্তব্য করে নিজের নিচু মানসিকতার পরিচয় দেবেন না। আপনার মন্তব্য আপনার রুচি, ব্যক্তিত্ব ও মানসিকতারই পরিচয় বহন করে।’ অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ওপর জোর দিয়ে তিনি আরও যোগ করেন, ‘তাই অন্যকে ছোট করার আগে নিজের মানসিকতার দিকে একটু নজর দিন।’ তার এই স্পষ্ট বার্তা সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসা কুড়িয়েছে।
মতামত