উদ্ভাবনকে এগিয়ে নেওয়া, শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানো এবং নতুন প্রজন্মের টেক্সটাইল পেশাজীবীদের উৎসাহিত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) বুটেক্স-আইটিইটি ডাই-ক্যাম এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতিতে টেক্সটাইল শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই খাতের জন্য দেশ-বিদেশে দক্ষ পেশাজীবীদের চাহিদা রয়েছে এবং টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছর অনেক দক্ষ জনবল তৈরি হচ্ছে।
তিনি বলেন, টেক্সটাইল শিল্পে পানির ব্যবহার অনেক বেশি। অন্যদিকে দিন দিন ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। তাই ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি পানির বিকল্প ব্যবহারের উপায় উদ্ভাবনের ওপরও গুরুত্ব দেন তিনি।
এ্যানি বলেন, টেক্সটাইল শিল্পের সম্প্রসারণের পাশাপাশি পানি সংরক্ষণ, বর্জ্যপানি কার্যকরভাবে শোধন, পানি পুনর্ব্যবহার এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। টেকসই শিল্প গড়ে তুলতে এসব বিষয়কে অগ্রাধিকার দিতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আইটিইটি সভাপতি ইঞ্জিনিয়ার এনায়েত হোসেন ও মহাসচিব ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক ড. তানিয়া আক্তার, অধ্যাপক ড. রাশেদা বেগমসহ অন্যরা।
মতামত