শিক্ষাক্ষেত্রে অনন্য অবদান ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ ‘গুণী শিক্ষক সম্মাননা পদক-২০২৬’ অর্জন করেছেন কিশোরগঞ্জের হোসেনপুরের কৃতি শিক্ষক মো. আনোয়ার পারভেজ। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
সোমবার (৫ অক্টোবর, ২০২৬) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জমকালো ওই অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা পদক, সনদপত্র এবং দুই লাখ টাকার প্রাইজমানির চেক তুলে দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর দেশের বিভিন্ন স্তরের মোট ১০২ জন শিক্ষককে এই মর্যাদাপূর্ণ সম্মাননা দেওয়া হয়েছে। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে দেশসেরা ১০ জন শিক্ষকের তালিকায় পঞ্চম স্থান অর্জন করেন আনোয়ার পারভেজ। তিনি বর্তমানে কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) হিসেবে দায়িত্ব পালন করছেন।
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার টান সিদলা গ্রামের এক সাধারণ পরিবারে বেড়ে ওঠা মো. আনোয়ার পারভেজ হোসেনপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং হোসেনপুর সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। এরপর তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ৩৫তম বিসিএস (নন-ক্যাডার) পরীক্ষার মাধ্যমে সরকারি শিক্ষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়।
এই স্বীকৃতি অর্জনের পর নিজের অনুভূতি ব্যক্ত করে মো. আনোয়ার পারভেজ বলেন, “এই রাষ্ট্রীয় স্বীকৃতি আমার পেশাগত দায়িত্ব ও দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং তাদের একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে আমি আজীবন কাজ করে যেতে চাই।”
মতামত