আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে মৌলভীবাজারের বড়লেখায় হিন্দু ধর্মাবলম্বী ও সংশ্লিষ্টদের সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ১টা ৫ মিনিট পর্যন্ত বড়লেখা থানার আয়োজনে জেলা অডিটোরিয়াম হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
সভায় বড়লেখা উপজেলার ১৩৫টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক,উপজেলা পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ,স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, সাংবাদিক এবং উপজেলার হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপের নিরাপত্তা,সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি,ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন,শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে। পূজামণ্ডপে নিরাপত্তার পাশাপাশি স্থানীয়দের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন,কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা সন্দেহজনক ঘটনা চোখে পড়লে নিজেরা উত্তেজিত না হয়ে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাতে কোনো ধরনের পরিস্থিতির অবনতি না ঘটে,সেদিকেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
সভায় পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, দর্শনার্থীদের নিরাপদ চলাচল,আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রশাসন ও পুলিশের সঙ্গে যোগাযোগের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
বক্তারা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,পূজা উদযাপন কমিটি,রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
মতামত