মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জেলার উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দায়িত্বে অবহেলার অভিযোগে জেলার সিভিল সার্জন ডা. মামুনুর রহমানকে সোমবারের মধ্যে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং সরকারি সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হয়।
সভায় বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন,জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ধরনের দায়িত্বে অবহেলা বা অনিয়মের অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। এ সময় দায়িত্বে অবহেলার অভিযোগে সিভিল সার্জন ডা. মামুনুর রহমানকে সোমবারের মধ্যে প্রত্যাহার করে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।
সভায় বক্তারা বলেন,জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে প্রশাসন,জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্য,জেলা পরিষদের প্রশাসক,জেলা বিএনপির নেতৃবৃন্দ,বিভিন্ন সরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতামত