আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার :
কক্সবাজার জেলা শহরের নিকটবর্তী চৌফলদন্ডী ইউনিয়নকে কক্সবাজার সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি জোরালো হচ্ছে।
এরই ধারাবাহিকতায় এবার চৌফলদন্ডী সম্মিলিত নাগরিক পরিষদ কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন, গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে।
বুধবার ৯ সেপ্টেম্বর আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন চৌফলদন্ডী সম্মিলিত নাগরিক পরিষদ সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মোস্তফা কামাল।
বক্তব্য রাখেন চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মনজুর আলম, সিনিয়র আইনজীবী আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান এডভোকেট নুরুচ্ছবি, এডভোকেট ইয়াসিন আরাফাত, সাবেক ইউপি সদস্য এসএম রুহুল আলম দানু, জুলাই যোদ্ধা রিয়াদ মাহমুদসহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।
মানববন্ধন পরবর্তী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এসময় নাগরিক পরিষদ নেতৃবৃন্দ সিটিতে চৌফলদন্ডী ইউনিয়নকে অন্তর্ভুক্তকরণে কক্সবাজারের কৃতি সন্তান মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সাংসদ লুৎফুর রহমান কাজল, সংরক্ষিত নারী সাংসদ এডভোকেট শামীম আরা স্বপ্না সহ জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন৷
মানববন্ধন কর্মসূচিতে সমাজের নেতৃবৃন্দ, আলেমসমাজ, শিক্ষক, আইনজীবী, রাজনৈতিক, সাংবাদিক, কৃষক, জেলে, শ্রমিক, শিক্ষার্থী ও যুবসমাজ সহ সর্বস্তরের চৌফলদন্ডী ইউনিয়নবাসী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
মতামত