কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নয় বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ১৪ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত কিশোরকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ঐ শিক্ষার্থীকে মোবাইলে ছবি দেখানোর কথা বলে ডেকে নেওয়া হয়। অভিযুক্ত কিশোর ভুক্তভোগীকে ফুসলিয়ে পার্শ্ববর্তী একটি মসজিদের ছাদে নিয়ে যায় এবং সেখানে তাকে জোরপূর্বক যৌন নিপীড়ণ চালায়। এ সময় শিশুটি কান্নাকাটি ও চিৎকার শুরু করলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়।
পরে শিশুটি বিষয়টি পরিবারকে জানালে তার মা বাদী হয়ে রোববার ব্রাহ্মণপাড়া থানায় একটি এজাহার দায়ের করেন। পুলিশ এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করে (মামলা নং-১৩, তারিখ: ০৬/০৯/২০২৬)। এরপর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক হোসেন জানান, শিশুটির মায়ের করা মামলার ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং ভুক্তভোগী শিশুর প্রয়োজনীয় চিকিৎসাগত পরীক্ষার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মতামত