মাদারীপুরের শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের চার নেতা দলীয় পদ ও সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
তাঁদের সঙ্গে থাকা অর্ধশতাধিক নেতাকর্মী ও সমর্থকও দলীয় পদ ও সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বলে জানানো হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ভান্ডারিকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফজলুল উলুম দাখিল মাদ্রাসার মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা এ ঘোষণা দেন।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন ভান্ডারিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোঊ মোস্তফা মাহমুদ, অর্থবিষয়ক সম্পাদক মোঃ আক্তার হোসেন সরদার, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ করিম হাওলাদার এবং একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান সরদার।
সংবাদ সম্মেলনে পদত্যাগকারীরা অভিযোগ করেন, তাঁরা দীর্ঘদিন আওয়ামী লীগের বিভিন্ন পদে থেকে সাংগঠনিক কার্যক্রমে অংশ নিয়েছেন এবং দলীয় নির্দেশনা অনুযায়ী কাজ করেছেন। তবে বর্তমানে তাঁরা অবহেলিত ও অসহায় অবস্থায় রয়েছেন।
তাঁদের ভাষ্য, “বড় বড় নেতারা বিদেশে আরাম-আয়েশে জীবন কাটাচ্ছেন, আর আমরা চরম অবহেলার মধ্যে রয়েছি। কোনো নেতাই এখন আর আমাদের খোঁজখবর রাখেন না। আমরা বিপদে পড়লেও দেখার কেউ নেই।
পদত্যাগকারীরা আরও বলেন, “আমরা বিগত দিনে দলের জন্য কাজ করেছি। কিন্তু এখন আমাদের প্রতি যে অবহেলা করা হচ্ছে, তাতে আমরা হতাশ। তাই স্বজ্ঞানে ও স্বেচ্ছায় আওয়ামী লীগের সব কার্যক্রম ও পদ থেকে নিজেদের সরিয়ে নিয়েছি।
তাঁরা ঘোষণা দেন, “আমরা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করছি। এখন থেকে আওয়ামী লীগের কোনো কার্যক্রমের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই।”
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরাও একইভাবে দলীয় পদ ও সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
এদিকে, চার নেতার পদত্যাগের ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে ভান্ডারিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নোট: পদত্যাগকারীদের বক্তব্য তাঁদের নিজস্ব দাবি হিসেবে উপস্থাপন করা হয়েছে। দলীয় অবহেলার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট আওয়ামী লীগ নেতাদের বক্তব্য পাওয়া যায়নি ।
মতামত