বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমের ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমের ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

খুলনায় পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত শাহ আলমকে দেখতে গিয়ে তিনি এ আশ্বাস দেন। স্বরাষ্ট্রমন্ত্রী কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহত পুলিশ কর্মকর্তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। শাহ আলমের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আহত পুলিশ কর্মকর্তা ও তাঁর পরিবারকে আশ্বস্ত করে বলেন, ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। হাসপাতালে পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন। খুলনা জেলার এ সার্কেলে কর্মরত পুলিশ পরিদর্শক শাহ আলম গত ৯ অক্টোবর দিবাগত রাত আড়াইটার দিকে বিশেষ অভিযান শেষে রিকশাযোগে পুলিশ ক্লাবে যাচ্ছিলেন। খুলনা কলেজিয়েট স্কুলের সামনে তিন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। বাধা দিলে ধারালো চাপাতি দিয়ে তাঁর দুই হাতের কবজিতে গুরুতর জখম করা হয়। পরে শাহ আলমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরদিন শুক্রবার রাতে পুলিশ সদস্যদের একা চলাচল না করার নির্দেশ দেয় খুলনা জেলা পুলিশ। জেলা পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এ ঘটনায় খুলনা থানায় মামলা হয়েছে। ইতিমধ্যে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream