জামালপুরের বকশীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মশাল মিছিল করেছে। যুবলীগের ব্যানারে তারা মিছিল করে।
শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গোয়ালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শয়তান বাজারে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম তালুকদার জুমান। এছাড়াও উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাইদুর রহমান লাল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাজন মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শোয়েব আল হাসান সজলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিলকারীদের হাতে জ্বলন্ত মশাল দেখা যায়। এ সময় তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দেয়।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ে ছিলো । পুলিশের উপস্থিতির টের পেয়ে মিছিলকারীরা পালিয়ে যায়। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত