সেই ভয়াল রাতে কেড়ে নিয়েছিল হাজারো প্রাণ, এখনো ঝুঁকিতে বেড়িবাঁধ, অনিশ্চয়তায় লাখো মানুষের জীবন। একটি রাত, অথচ সেই রাতের ভয়াবহ স্মৃতি বয়ে বেড়াতে হচ্ছে বছরের পর বছর। কারও কাছে সিডর মানে প্রিয়জন হারানোর বেদনা, কারও কাছে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হওয়ার ইতিহাস, আবার কারও কাছে আজও অনিরাপদ জীবনযাপনের নাম। সময়ের হিসাবে ১৯ বছর পেরিয়ে গেছে। কিন্তু ২০০৭ সালের ১৫ নভেম্বরের সেই ভয়াল রাতের ক্ষত এখনো শুকায়নি দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলবাসীর হৃদয়ে।
প্রলয়ংকরী সুপার সাইক্লোন সিডরের তাণ্ডবে সেদিন মুহূর্তেই বদলে গিয়েছিল উপকূলের জনপদ। ঘণ্টায় প্রায় ২৪০ কিলোমিটার বেগে আঘাত হানা ঘূর্ণিঝড়ের সঙ্গে ভয়াবহ জলোচ্ছ্বাস কেড়ে নিয়েছিল হাজারো মানুষের প্রাণ। ভেঙে পড়েছিল ঘরবাড়ি, উপড়ে গিয়েছিল গাছপালা, ভেসে গিয়েছিল ফসল, গবাদিপশু ও মানুষের স্বপ্ন। বিশেষ করে বাগেরহাটের শরণখোলা, খুলনার কয়রা এবং বরগুনার উপকূলীয় জনপদে নেমে এসেছিল মানবিক বিপর্যয়।
সেই রাতে যারা স্বজন হারিয়েছিলেন, তাঁদের অনেকেই আজও স্বাভাবিক হতে পারেননি। ঝড়ের সংকেত শুনলেই ফিরে আসে আতঙ্কের স্মৃতি। অন্যদিকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও উপকূলের অনেক এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ না হওয়ায় নতুন করে দুর্যোগের আশঙ্কা তাড়া করে বেড়াচ্ছে বাসিন্দাদের।
সিডরের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি ছিল সুন্দরবনসংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলা। সরকারি হিসাব অনুযায়ী, উপকূলীয় অঞ্চলে এ দুর্যোগে প্রায় তিন হাজার মানুষের প্রাণহানি ঘটে। এর মধ্যে শুধু শরণখোলাতেই প্রাণ হারান ৯০৮ জন।
ঘূর্ণিঝড়ের প্রচণ্ড আঘাতে উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়ে জলোচ্ছ্বাস। মুহূর্তের মধ্যে তলিয়ে যায় বসতবাড়ি ও বিস্তীর্ণ এলাকা। স্বজন হারিয়ে অসহায় হয়ে পড়েন অসংখ্য মানুষ। অনেক পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে দীর্ঘদিন ধরে চলে বেঁচে থাকার সংগ্রাম।শরণখোলার আওতাধীন সুন্দরবনের দুবলার চরের শুঁটকিপল্লির জেলেদের নিখোঁজের সংখ্যা বিবেচনায় নিলে বেসরকারি হিসাবে বাগেরহাট জেলায় মৃতের সংখ্যা প্রায় দুই হাজার বলে জানা যায়।
সিডরের ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই নতুন করে দুর্যোগের শঙ্কায় দিন কাটাচ্ছেন খুলনার কয়রা উপজেলার মানুষ। দীর্ঘ ১৯ বছরেও দুর্গত এলাকার সব ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ টেকসই করা সম্ভব হয়নি। উপজেলার ১৫৪ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে অন্তত ২১ কিলোমিটার এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
নির্মাণকাজের ধীরগতিতে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। ১৩-১৪/১ ও ১৩-১৪/২ নম্বর পোল্ডারের আওতাধীন কয়রা সদর, বেদকাশি, মহারাজপুর ও মহেশ্বরীপুর ইউনিয়নের বাসিন্দারা বর্ষা মৌসুম ও অমাবস্যা-পূর্ণিমার জোয়ারে আতঙ্কে থাকেন। কখন কোথায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ে, সেই দুশ্চিন্তায় কাটে তাঁদের দিন-রাত।প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করেই যাঁদের জীবন চলে, তাঁদের কাছে একটি মজবুত বেড়িবাঁধ শুধু মাটির অবকাঠামো নয়; এটি ঘরবাড়ি, ফসল, সন্তান-সন্ততি ও বেঁচে থাকার স্বপ্ন রক্ষার শেষ আশ্রয়।
বরগুনা: স্ত্রী-সন্তান হারানোর বেদনা আজও ভুলতে পারেননি মুকুলঃ
সিডরের ভয়াবহতা শুধু ধ্বংসস্তূপে সীমাবদ্ধ ছিল না; অসংখ্য মানুষের জীবনে রেখে গেছে স্বজন হারানোর অসহনীয় বেদনা। বরগুনার ঢলুয়া ইউনিয়নের নলী গ্রামের মুকুল হাওলাদার তাঁদেরই একজন। সিডরের সেই ভয়াল রাতে স্ত্রী-সন্তান হারিয়ে আজও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তিনি।
বুকভরা কষ্ট নিয়ে মুকুল হাওলাদার বলেন, ‘সিডর আমার স্ত্রী-সন্তান কেড়ে নিয়েছে। সেদিনের পর পরিবার নিয়ে আর ঘুরে দাঁড়াতে পারিনি। এখনো ঝড়ের সংকেত শুনলে সেই রাতের কথা মনে পড়ে। চোখের সামনে ঘটে যাওয়া সেই দৃশ্য কোনো দিন ভুলতে পারব না।’
একই এলাকার আরেক স্বজনহারা বাসিন্দা সোহাগ বলেন, ‘সিডরের পর আমাদের এলাকায় অনেক দিন স্বাভাবিক জীবন ছিল না। ঘরবাড়ি হারিয়ে অনেকে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছিল। ১৯ বছর পেরিয়ে গেলেও সেই দুর্যোগের স্মৃতি এখনো আমাদের মনে দাগ কেটে আছে।’
টেকসই বাঁধ নির্মাণের দাবিঃ
উপকূলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণের দাবি দীর্ঘদিনের। শুধু দুর্যোগের সময় ত্রাণ বা সহায়তা নয়, বরং আগাম প্রস্তুতি, নিরাপদ আশ্রয়কেন্দ্র, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি অবকাঠামো উন্নয়নের ওপর জোর দিচ্ছেন স্থানীয়রা।এ বিষয়ে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হান্নান প্রধান বলেন, কয়েকটি ঝুঁকিপূর্ণ স্থানে টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চাহিদাপত্র পাঠানো হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে এখানকার বাসিন্দারা জোয়ার ও জলোচ্ছ্বাসের ঝুঁকি থেকে কিছুটা হলেও রক্ষা পাবেন।
স্মৃতিতে সিডর, বাস্তবে এখনো ঝুঁকিঃ
১৯ বছর আগে সিডর উপকূলের মানুষের কাছ থেকে কেড়ে নিয়েছিল অসংখ্য প্রিয় মুখ, ঘরবাড়ি ও জীবিকার অবলম্বন। সময়ের প্রবাহে অনেক ক্ষতচিহ্ন মুছে গেলেও মানুষের বুকের ভেতর জমে থাকা কান্না মুছে যায়নি। আজও ঝড়ের সংকেত শুনলে আঁতকে ওঠেন স্বজনহারা মানুষ। আজও বেড়িবাঁধের দিকে তাকিয়ে অনিশ্চয়তায় দিন কাটান উপকূলের বাসিন্দারা।
সিডরের ১৯ বছর পূর্তিতে উপকূলবাসীর প্রত্যাশা—শুধু স্মরণসভা কিংবা শোক প্রকাশ নয়, তাঁদের জীবন ও সম্পদ রক্ষায় বাস্তবসম্মত উদ্যোগ নেওয়া হোক। নির্মিত হোক টেকসই বেড়িবাঁধ, নিশ্চিত করা হোক নিরাপদ আশ্রয় ও দুর্যোগ মোকাবিলার কার্যকর ব্যবস্থা।
কারণ, উপকূলের মানুষের কাছে সিডর কেবল ১৯ বছর আগের একটি প্রাকৃতিক দুর্যোগের নাম নয়; এটি স্বজন হারানোর কান্না, বেঁচে থাকার সংগ্রাম এবং নিরাপদ ভবিষ্যতের এক দীর্ঘ অপেক্ষার নাম।
মতামত