শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে কর্মসূচি পালনের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় ককটেল বিস্ফোরণ ও কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছেলে ‘Danib Bin Iqbal’-এর ফেসবুক আইডিসহ বিভিন্ন আইডি থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে এ কর্মসূচির দৃশ্য ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েক হাজার মানুষ বৈঠা হাতে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন। ভিডিওতে প্রায় এক ঘণ্টা টোলপ্লাজার কার্যক্রম বন্ধ থাকতে দেখা যায়। এতে সেতুর দুই পাশে যানবাহন আটকা পড়ে যান চলাচল ব্যাহত হয়।
এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। পাশাপাশি কয়েকটি গাড়ি ভাঙচুরের দৃশ্যও ভিডিওতে দেখা গেছে। তবে কারা ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওতে আন্দোলনকারীদের ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’সহ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
এদিকে, অবরোধে অংশ নিতে বিভিন্ন দিক থেকে লোকজন আসতে শুরু করলে পদ্মা সেতু (দক্ষিণ) থানার প্রধান ফটকে তালা দিয়ে পুলিশ সদস্যরা ভেতরে অবস্থান নেন বলে জানা গেছে। এ ঘটনায় থানার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে মন্তব্য জানতে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ঘটনার বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে সংযুক্ত করা হবে।
মতামত