নেত্রকোনার মদনে হাওরাঞ্চলের জীববৈচিত্র্য, মানুষের জীবন-জীবিকা ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা নিয়ে মাসিক ইতিহাস-সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য অনুসন্ধান ও গবেষণা কেন্দ্রের উদ্যোগে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বড্ডা এলাকায় এই আড্ডার আয়োজন করা হয়।
আড্ডা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক প্রাক্তন মদন পৌর বিএনপির সভাপতি ও পৌরসভা মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিক।
আলোচনায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু, ‘ভালোবাসার কবি’ তানভীর জাহান চৌধুরী, মদন উপজেলা রিপোর্টার্স ক্লাবের প্রকাশনা সম্পাদক আলী আসগর পনির, বিশিষ্ট লেখক ও সাংবাদিক রাখা বিশ্বাস প্রমুখ।
আলোচনায় বক্তারা হাওরাঞ্চলের প্রাকৃতিক বৈচিত্র্য, জলজ সম্পদ, দেশীয় মাছ, পাখি, উদ্ভিদ ও পরিবেশের ভারসাম্য রক্ষার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি হাওরের মানুষের জীবন-জীবিকা, কৃষি, মৎস্যসম্পদ, লোকজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, হাওর কেবল জলাভূমি নয়; এটি একটি স্বতন্ত্র জনপদ, যার সঙ্গে জড়িয়ে আছে মানুষের জীবন-সংগ্রাম, অর্থনীতি, সংস্কৃতি ও হাজার বছরের ঐতিহ্য। এই অঞ্চলের ইতিহাস ও লোকজ ঐতিহ্য যথাযথভাবে অনুসন্ধান, গবেষণা ও সংরক্ষণ করা প্রয়োজন। নতুন প্রজন্মের কাছে হাওরের সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক পরিচিতি তুলে ধরতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ সময় স্থানীয় ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকদের এ উদ্যোগকে হাওরাঞ্চলের ইতিহাস-ঐতিহ্য অনুসন্ধান, গবেষণা ও সাহিত্যচর্চার একটি ইতিবাচক প্রয়াস হিসেবে অভিহিত করেন অংশগ্রহণকারীরা।
মতামত