পটুয়াখালীর বাউফলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. বুলবুল, উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার, সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি হাবিবুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিবস আমাদের জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়। দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা বজায় রাখা প্রয়োজন।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মতামত