মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পূর্বঘোষণা ছাড়াই ঝটিকা পরিদর্শনে গিয়ে হাসপাতালের চিকিৎসাসেবার বাস্তব চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন কার্যক্রমে অনিয়ম দেখতে পেয়ে কয়েকটি বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছেন তিনি। পাশাপাশি আরও দুটি বিষয়ে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশনা দিয়েছেন মন্ত্রী।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আকস্মিকভাবে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর এই পূর্বঘোষণাবিহীন পরিদর্শনে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, রোগীদের চিকঠাসাসেবা, ওষুধের প্রাপ্যতা, ওয়ার্ডের পরিবেশ এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন। রোগীরা যথাসময়ে চিকিৎসা পাচ্ছেন কি না, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রী সরবরাহ করা হচ্ছে কি না এবং চিকিৎসাসেবা নিতে গিয়ে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার হচ্ছেন কি না, সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন তিনি।
এ সময় হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসক সংকট, স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব পালন, ওষুধের প্রাপ্যতা, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং চিকিৎসাসেবার মান নিয়ে বিভিন্ন বিষয়ে জানতে চান।
পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি অঘোষিতভাবে মাদারীপুরের কালকিনি হাসপাতালে পরিদর্শন করেছি। এখানে যেসব অনিয়ম দেখতে পেয়েছি,সেগুলো বন্ধ করে দিয়েছি। আর কিছু বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলে দিয়েছি। তিনি দুটি বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।
হাসপাতালের চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেন মন্ত্রী। একই সঙ্গে হাসপাতালে আসা সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই যথাসময়ে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করেন।
তিনি সরকারি হাসপাতালের চিকিৎসাসেবা সাধারণ মানুষের অধিকার উল্লেখ করে বলেন, কোনো অবস্থাতেই রোগীরা যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন। হাসপাতালের প্রতিটি স্তরে দায়িত্বশীলতা, জবাবদিহি ও সেবার মান নিশ্চিত করতে হবে।
পরিদর্শনকালে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাশ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা পর্যায়ের বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে উপস্থিতি এবং হাসপাতালের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
একই সঙ্গে মন্ত্রীর তাৎক্ষণিক পদক্ষেপ ও ইউএনওকে দেওয়া নির্দেশনা বাস্তবায়নের মধ্য দিয়ে হাসপাতালের সেবার মান কতটা উন্নত হয়, এখন সেদিকেই তাকিয়ে স্থানীয় সচেতন মহল ও সাধারণ রোগীরা।
মতামত