জামিনে মুক্তি পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি জেলগেটে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন।
এ সময় আখতারুজ্জামান বলেন, সত্য ও ন্যায়ের রাজনীতি কখনো পরাজিত হবে না। জয়ের জন্য সময় লাগলেও শেষ পর্যন্ত সত্যের জয় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীন বাংলাদেশের আদর্শ বাস্তবায়নে তারা কাজ করে যেতে চান। জনগণের অধিকার আদায়ের আন্দোলনেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় তাকে সমর্থন জানাতে কারাগারের সামনে আসা জামায়াতের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আখতারুজ্জামান। তিনি বলেন, তাদের উপস্থিতি তাকে নতুন শক্তি জুগিয়েছে এবং প্রতিবাদ অব্যাহত থাকবে।
নিজের বক্তব্যের বিস্তারিত প্রকাশের বিষয়ে তিনি বলেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর নির্দেশনা নেবেন। এরপর যা সত্য, তা গণমাধ্যমের সামনে তুলে ধরবেন।
উল্লেখ্য, বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামিন পেয়ে কারামুক্ত হন মেজর (অব.) আখতারুজ্জামান।
মতামত