ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমে উঠেছে ঐতিহ্যবাহী খড়মপুর হযরত শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ( র:) প্রকাশ্য শাহপীর কল্লা শহীদ মাজার শরীফ পরিচালনা কমিটির নির্বাচন। নির্বাচনকে ঘিরে খড়মপুর গ্রামে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীদের প্রচার-প্রচারণা, ভোটারদের সঙ্গে মতবিনিময় আর পাড়া-মহল্লার চায়ের আড্ডায় চলছে নির্বাচনী আলোচনা। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও রয়েছে বেশ সরব।
আগামী শুক্রবার (৬ নভেম্বর ) অনুষ্ঠিত হবে এ নির্বাচন। শেষ মুহূর্তে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
ইতিমধ্যে প্রার্থীরা ভোটারদের মন জয় করতে ছুটছেন তাদের দ্বারে দ্বারে। সেইসাথে দিচ্ছেন নানামুখী প্রতিশ্রুতি , তুলে ধরছেন নিজেদের যোগ্যতা আর অতীত কর্মকান্ড। কে হচ্ছেন নতুন কমিটির সদস্য, তা নিয়ে ভোটারদের মধ্যেও চলছে নানা জল্পনা-কল্পনা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খড়মপুর গ্রামটি সাতটি পাড়ায় আহমদ ভক্ত। এই সাতটি পাড়া থেকে তিনজন করে মোট ২১ জন সদস্য নির্বাচিত করবেন ভোটাররা। আর এই নির্বাচনে ৪১ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। ভোটার সংখ্যা রয়েছে প্রায় এক হাজার ১০০ জন। ভোটাররা গোপন ব্যালটের মাধ্যমে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবে।
এদিকে গত ২২ অক্টোবর প্রতীক বরাদ্দের পর থেকেই নির্বাচনী প্রচারণা আরও গতি পেয়েছে। মাজার এলাকা থেকে শুরু করে খড়মপুর গ্রামের অলিগলির দেয়ালে শোভা পাচ্ছে প্রার্থীদের ছোট আকারের সাদাকালো পোস্টার। প্রার্থীদের আনাগোনা ও প্রচারণায় পুরো এলাকায় তৈরি হয়েছে নির্বাচনী আমেজ।
স্থানীয় পাড়া-মহল্লার আড্ডা থেকে শুরু করে চায়ের দোকান সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু মাজার কমিটির নির্বাচন। সাধারণ ভোটারদের মধ্যে চলছে প্রার্থীদের যোগ্যতা, গ্রহণযোগ্যতা ও অতীত কর্মকান্ডের চুলচেরা বিশ্লেষণ। সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা সৎ, নিষ্ঠাবান ও যোগ্য প্রার্থীদেরই নির্বাচিত করতে চান।
এদিকে এবারও নির্বাচনে সদস্য পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন সাংবাদিক কাজী হান্নান খাদেম। তিনি কাজীপাড়া থেকে প্রার্থী হয়েছেন। এর আগেও তিনি মাজার পরিচালনা কমিটির সদস্য হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। স্থানীয়ভাবে পরিচিত মুখ হওয়ায় নির্বাচনী প্রচারণায় ভোটারদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন।
ভোটার তাশরিফ খাদেম বলেন, এবার প্রথম ভোটার হয়েছি। মাজার পরিচালনা কমিটির নির্বাচনে ভোট দেব খুবই ভালো লাগছে। আমরা চাই ভালো ও দক্ষ লোকরা এগিয়ে আসুক। যার দ্বারা এখানকার উন্নয়ন হবে তাকে ভোট দেব।
নির্বাচনের প্রার্থী সাংবাদিক কাজী হান্নান খাদেম বলেন, “আমি ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।
মো: রফিকুল ইসলাম খাদেম (মিন্টু) বলেন, এই নির্বাচনে সাধারণ ভোটারদের ভালো সাড়া পাচ্ছি। ভোটাররাও বেশ আন্তরিক। ইনশাআল্লাহ জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
সব মিলিয়ে খড়মপুর কল্লা শহীদ( র:) মাজার শরীফ পরিচালনা কমিটির নির্বাচনকে ঘিরে গ্রামজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। এখন সবার অপেক্ষা শুক্রবারের ভোটের দিনটির। শেষ পর্যন্ত ভোটাররা কাদের ওপর আস্থা রাখেন তা জানতে অপেক্ষা করতে হবে ভোটের ফলাফল পর্যন্ত।
মতামত