সৌদি আরব থেকে অবৈধভাবে ৩৮০ লিটার জমজমের পানি দেশের বাইরে নেওয়ার চেষ্টা করে জরিমানার মুখে পড়েছেন এক ব্যক্তি। গাড়ির ডিকিতে লুকিয়ে এসব পানি পাচারের চেষ্টা করায় তাকে ৩ হাজার ৮০০ সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ লাখ ২৪ হাজার টাকা। একই সঙ্গে জব্দ করা হয়েছে পুরো পানির চালান।
সোমবার (২ নভেম্বর) প্রকাশিত খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের পূর্বাঞ্চলের কিং ফাহদ কজওয়ে শুল্ক চেকপোস্টে ওই ব্যক্তিকে আটক করা হয়। তার গাড়ি তল্লাশি করে ডিকির ভেতরে লুকানো অবস্থায় ৩৮০ লিটার জমজমের পানি উদ্ধার করেন শুল্ক কর্মকর্তারা। তবে এসব পানি বহনের বিষয়ে কর্তৃপক্ষকে কোনো তথ্য জানাননি তিনি।
এ ঘটনায় রিয়াদের দ্বিতীয় প্রাথমিক শুল্ক কমিটি জানায়, সৌদি আরবের আইন অনুযায়ী জমজমের পানি রপ্তানি নিষিদ্ধ। অনুমতি ও ঘোষণা ছাড়া এ ধরনের পণ্য দেশের বাইরে নেওয়ার চেষ্টা শুল্ক পাচার হিসেবে বিবেচিত হয়।
কমিটি জব্দ করা পানির সমমূল্য ৩ হাজার ৮০০ রিয়াল জরিমানা এবং পুরো চালান বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়।
এর আগে সরকারি কৌঁসুলি ওই ব্যক্তির কারাদণ্ড, জরিমানা ও পণ্য বাজেয়াপ্তের আবেদন করেছিলেন। তবে তার বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড না থাকায় কারাদণ্ডের আবেদন গ্রহণ করেনি কমিটি। তাদের মতে, জরিমানা ও পণ্য বাজেয়াপ্ত করাই যথেষ্ট শাস্তি।
উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলোর অভিন্ন শুল্ক আইনের ১৪২, ১৪৪ ও ১৪৫ ধারায় এ রায় দেওয়া হয়েছে।
মতামত