মো:দিল, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের কামারখন্দে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ১২ বছর বয়সী কিশোর জুনায়েদের মরদেহ প্রায় ২২ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে ভদ্রঘাট পশ্চিম খানপাড়া এলাকায় নদীর পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জুনায়েদ ওই এলাকার মৃদু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে চার বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নামে জুনায়েদ। এ সময় তিন বন্ধু সাঁতরে নদী থেকে উঠে আসতে পারলেও জুনায়েদ পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দা ও জেলেরা জাল দিয়ে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। রাত পর্যন্ত চেষ্টা চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে রাজশাহী থেকে আসা ডুবুরি দল শনিবার সকালে নিখোঁজের স্থান থেকে প্রায় ১৫০ মিটার দূরে নদীর ভেতর থেকে জুনায়েদের মরদেহ উদ্ধার করে।
কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল পৌনে ৯টার দিকে শিশুটির মরদেহ পাওয়া যায়। নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
রাজশাহী থেকে আসা ডুবুরি দলের লিডার মশিউর রহমান বলেন, কিশোরটি যেখানে পানিতে তলিয়ে গিয়েছিল, সেখান থেকে প্রায় ১৫০ মিটার দূরে নদীর ভেতরে সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মতামত