সাইফুল ইসলাম,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
বই আছে, আসবাবপত্র আছে, আছে নতুন ভবনও—শুধু নেই পাঠকের পদচারণা। উদ্বোধনের প্রায় দুই বছর পেরিয়ে গেলেও পাঠকদের জন্য খুলে দেওয়া হয়নি পটুয়াখালীর বাউফল উপজেলা সদরের সাধারণ পাঠাগার। জ্ঞানচর্চার এই প্রতিষ্ঠানটি পড়ে আছে অবহেলায়।
১৯৯১ সালে প্রতিষ্ঠিত পাঠাগারটি একসময় বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত পাঠকদের পদচারণায় মুখর থাকত। শিক্ষার্থী ও বইপ্রেমীরা সেখানে পড়তেন বই ও সংবাদপত্র। পুরোনো ভবন জরাজীর্ণ হয়ে পড়লে বন্ধ হয়ে যায় কার্যক্রম। পরে সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজের উদ্যোগে নতুন ভবন নির্মিত হয়। প্রায় দুই বছর আগে উদ্বোধনও করা হয়। কিন্তু পাঠাগারের দরজা আর খোলেনি।
সরেজমিনে দেখা যায়, ভেতরে পড়ে আছে বই ও আসবাবপত্র। বাইরে অটোরিকশার স্ট্যান্ড, আশপাশে মূত্রত্যাগের কারণে দুর্গন্ধ। রাতে ছাদে মাদকসেবীদের আনাগোনার অভিযোগও রয়েছে।
পাঠাগারের সাবেক সাধারণ সম্পাদক এ কে এম হুমায়ুন কবির দ্রুত এটি চালুর দাবি জানিয়েছেন। বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন করে পাঠাগারটি খুলে দেওয়া হবে।
এখন স্থানীয়দের প্রত্যাশা, প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটবে দ্রুত। ধুলায় ঢাকা বইগুলো আবারও খুলবে, ফিরবে পাঠকের পদচারণা—জ্ঞানচর্চার আলোয় প্রাণ ফিরে পাবে বাউফল সাধারণ পাঠাগার।
মতামত