নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মাত্র সাড়ে ১০ ঘণ্টার ব্যবধানে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। শ্বশুরের মৃত্যুর পর কান্নাকাটি করতে করতে পুত্রবধূ জ্ঞান হারান। পরে রোববার সকালে তাঁরও মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত ব্যক্তিরা হলেন, উপজেলার আমানউল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের মো. মফিজুর রহমান (৭০) ও তাঁর পুত্রবধূ রাহিনা আক্তার (৩২)। মফিজুর রহমান পেশায় কৃষক ছিলেন। রাহিনা তাঁর মেজ ছেলে মো. আলমগীর হোসেনের স্ত্রী।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, গত শনিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে মফিজুর রহমান মারা যান। পরদিন রোববার সকাল সাড়ে ৯টার দিকে মারা যান রাহিনা আক্তার।
স্থানীয় ইউপি সদস্য মো. কামাল উদ্দিন জানান, মফিজুর রহমান পরিবারের সবাইকে স্নেহ করতেন। তিনি ও তাঁর স্ত্রী পুত্রবধূ রাহিনাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। অন্যদিকে রাহিনাও শ্বশুর-শাশুড়িকে নিজের বাবা-মায়ের মতো শ্রদ্ধা ও ভালোবাসা দিতেন।
কামাল উদ্দিন আরও জানান, শ্বশুরের মৃত্যুর খবর শুনে রাহিনা কান্নায় ভেঙে পড়েন। আহাজারি করতে করতে ভোরের দিকে তিনি জ্ঞান হারান। পরে একজন পল্লিচিকিৎসক ডেকে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। তবে রোববার সকাল সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্যের তথ্য অনুযায়ী, রোববার সকাল ১১টার দিকে আজিজিয়া কচ্ছপ মার্কেট জামে মসজিদ মাঠে মফিজুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর অনুষ্ঠিত হয় রাহিনা আক্তারের জানাজা।
মতামত