পটুয়াখালীর বাউফলে অগ্নিকাণ্ডে বসতঘর, গবাদিপশু ও বোনের বিয়ের জন্য ১২ বছরের সঞ্চিত সাত লাখ টাকা হারানো কৃষক মোশাররফ হোসেনের পাশে দাঁড়িয়েছেন পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির। প্রতিশ্রুতি অনুযায়ী মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এক লাখ টাকা সহায়তা তুলে দেন তিনি।
গত রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বাউফল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাংলালিংক টাওয়ার-সংলগ্ন এলাকায় মোশাররফের বসতঘরে আগুন লাগে। এতে ঘর, দুটি গরু, তিনটি ছাগল, হাঁস-মুরগি, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়। আগুনে তাঁর ছোট বোনের বিয়ের জন্য দীর্ঘ ১২ বছরে জমানো সাত লাখ টাকাও পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার খবর পেয়ে হুমায়ুন কবির ক্ষতিগ্রস্ত পরিবারটির খোঁজখবর নেন এবং এক লাখ টাকা সহায়তার ঘোষণা দেন।
টাকা হস্তান্তরের সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, এই সহায়তা পরিবারটির দুর্দিনে কিছুটা স্বস্তি দেবে। তবে স্বাভাবিক জীবনে ফিরতে তাদের আরও সহযোগিতা প্রয়োজন। এ জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তাঁরা।
মতামত