একে অপরের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবেন।
সোমবার (১৯ অক্টোবর) রাতে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় কাঠালিয়া বাসস্ট্যান্ড এলাকার কেন্দ্রীয় রাধা গোবিন্দ পূজামণ্ডপ পরিদর্শন শেষে এক আলোচনা সভায় যোগ দেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি ও সৌহার্দ্যেরও প্রতীক। ধর্ম যার যার, উৎসব সবার—এমন চেতনা ধারণ করে সবাইকে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম জামাল, ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মেরিনা সুলতানা, জেলা সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন কবির, ঝালকাঠি আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আক্কাস সিকদার, কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন, কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান এবং পূজা উদযাপন কমিটির সভাপতি তপন হালদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মতামত