মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. রুবেল মিয়া (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
এসআরবি-৯-এর পক্ষ থেকে জানানো হয়,শনিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া গ্রামের ভাই ভাই মেনশনের মেসার্স মা এন্টারপ্রাইজ নামের একটি দোকানে অভিযান চালানো হয়। রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে অভিযানের দল ঘটনাস্থলে পৌঁছালে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে তল্লাশি চালিয়ে একটি স্মার্টফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার রুবেল মিয়া পশ্চিম ভাড়াউড়া গ্রামের শেখ তারাব মিয়ার ছেলে।
এসআরবি জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল স্থানীয় পর্যায়ে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে। কমিশনের বিনিময়ে তিনি বিভিন্ন ব্যক্তিকে কয়েকটি অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়ায় অংশ নিতে উৎসাহিত করতেন এবং জুয়ার অর্থ সংগ্রহ করে মূল এজেন্টের কাছে পাঠাতেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে গ্রেপ্তার রুবেল মিয়া ও জব্দ করা মোবাইল ফোন শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন,২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি।
এসআরবি-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
মতামত