নীলফামারীর ডিমলায় ছাদের পলেস্তারা খসে পড়ে এএসআই মুসলিম উদ্দিন আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) রাত ১২টার দিকে ডিমলা থানার ডিউটি অফিসারের কক্ষে এই দুর্ঘটনা ঘটে।
এতে ডিউটি অফিসারের দায়িত্বরত এএসআই মুসলিম উদ্দিন তার কাধে প্রচন্ড আঘাত পেয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া পলেস্তারার আঘাতে টেবিলে থাকা একটা কম্পিউটারের মনিটর ভেঙে গেছে।
আহত এএসআই মো. মসলিম উদ্দিন বলেন, গতরাতে ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করার সময় কক্ষের ছাদের পলেস্তারা হঠাৎ ধসে পড়ে। এতে আমার কাঁধে আঘাত পেয়েছি। থানার কাজে ব্যবহৃত ডেস্কটপ কম্পিউটারটা ভেঙে সম্পূর্ণ অকেজো হয়ে গেছে।
ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, বিষয়টি ইতোমধ্যেই পুলিশ সুপার মহোদয়কে জানিয়েছি। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন। আগামীকালই হয়তো মেরামতের পদক্ষেপ গ্রহণ করা হবে।

মতামত