আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছে ক্ষমতাসীন বিএনপি। রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলের পক্ষে ফরম দুটি নেওয়া হয়।
বিএনপির পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি এবং দলের জ্যেষ্ঠ নেতা রুহুল কবীর রিজভী নির্বাচন কমিশনে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা। সব প্রক্রিয়া শেষে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসি সচিব আখতার আহমেদ জানান, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫(৩) ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করেছেন। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুতের কাজও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
তফসিল ঘোষণার পর নির্ধারিত নিয়মে নির্বাচনের পরবর্তী প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে নির্বাচন কমিশন। নির্বাচনী প্রক্রিয়ার অগ্রগতি ও প্রয়োজনীয় তথ্য পর্যায়ক্রমে জানানো হবে বলে জানিয়েছে ইসি।
মতামত