সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শিরোনামে ছড়িয়ে পড়া প্রচারণাকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বাংলাদেশ পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ঘটনাটির ব্যাখ্যা তুলে ধরা হয়।
পুলিশ জানায়, গত ৭ আগস্ট কক্সবাজার সদর থানার আওতাধীন বাহারছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই মসজিদে নামাজ পড়তে যান সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মসজিদে প্রবেশের সময় ওসি নিজের জুতা বাইরে রেখে ভেতরে যান। নামাজ শেষে তিনি নিজের জুতাই হাতে নিয়ে মসজিদ থেকে বের হন। ওই সময় মসজিদের প্রবেশপথে স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা রাখা ছিল।
এ ঘটনাকে কেন্দ্র করেই ওসি মন্ত্রীর জুতা বা স্যান্ডেল বহন করছেন—এমন প্রচারণা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বলে পুলিশের দাবি।
বাংলাদেশ পুলিশ বলেছে, ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
পুলিশের ভাষায়, এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা দুঃখজনক এবং অনভিপ্রেত।
মতামত