দেশের প্রতিটি বিভাগে অন্তত একটি করে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল স্থাপনের পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি ভেটেরিনারি শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়াতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের (বিএসভিইআর) ৩২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের ভেটেরিনারি খাতের গুরুত্ব দিন দিন বাড়ছে। প্রাণিজ খাদ্য নিরাপদ কি না, পশু ও পাখি রোগমুক্ত আছে কি না এবং মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা যাচ্ছে কি না—এসব বিষয়ে গবেষণার গুরুত্ব অনেক। এ ক্ষেত্রে গবেষণার পরিধি যত বাড়বে, নিরাপদ খাদ্য উৎপাদনের সুযোগও তত বাড়বে।
তিনি বলেন, বর্তমানে দেশের ভেটেরিনারি চিকিৎসাসেবা অনেকটাই ঢাকাকেন্দ্রিক। অথচ দেশের বিভিন্ন অঞ্চলে বিপুলসংখ্যক গবাদিপশু ও অন্যান্য প্রাণী রয়েছে। তাদের চিকিৎসাসেবার চাহিদা বিবেচনায় নিয়ে প্রতিটি বিভাগে একটি করে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা করা হচ্ছে।
ভেটেরিনারি শিক্ষার্থীদের কর্মসংস্থান প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এ বিষয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, অর্থমন্ত্রী ও অর্থসচিবের সঙ্গে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীকেও বিষয়টি জানানো হয়েছে। শিক্ষাজীবন শেষে যাতে ভেটেরিনারিয়ানরা কর্মসংস্থানের সুযোগ পান, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভবিষ্যতে এ খাতে চাকরির সুযোগ আরও বিস্তৃত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, একটা সময় ভেটেরিনারি ও পশুপালন বিষয়ে পড়াশোনার প্রতি মানুষের আগ্রহ তুলনামূলকভাবে কম ছিল। তবে বিজ্ঞান ও গবেষণার অগ্রগতির ফলে এখন এ খাতের গুরুত্ব অনেক বেড়েছে। দেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা এবং মানুষের পুষ্টির চাহিদা পূরণে প্রাণিসম্পদ, মৎস্য ও কৃষি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, মানুষের প্রোটিনের চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের উৎপাদন বাড়ানোর পাশাপাশি পশুপাখির রোগ প্রতিরোধ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে। নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য আধুনিক চিকিৎসাব্যবস্থা ও গবেষণার পরিধি বাড়ানো জরুরি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসভিইআরের সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম। সঞ্চালনা করেন সংগঠনটির সেক্রেটারি অধ্যাপক ড. সুকুমার সাহা। অনুষ্ঠানে ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়াসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, গবেষক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে বাকৃবির ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. এম. ময়নুদ্দিনকে বার্ষিক লেকচার অ্যাওয়ার্ড-২০২৬ দেওয়া হয়। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক রবিন এল্ডার্স অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
‘ট্রান্সলেটিং ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনটু সাসটেইনেবল লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যান্ড গ্লোবাল হেলথ’ প্রতিপাদ্যে তিন দিনব্যাপী বিএসভিইআরের এবারের সম্মেলনে দেশ-বিদেশের প্রায় ৬৫০ জন গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও ভেটেরিনারিয়ান অংশ নিচ্ছেন। সম্মেলনের দুই দিনে মোট ৩১৮টি গবেষণাপত্র উপস্থাপনের কথা রয়েছে। এর মধ্যে ১১৬টি মৌখিক এবং ২০২টি পোস্টার উপস্থাপনা।
মতামত