শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1

দলকে শক্তিশালী করতে এমপিদের নতুন নির্দেশনা তারেক রহমানের

দলীয় কার্যক্রম আরও শক্তিশালী করা এবং তৃণমূলের মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে বিএনপির সব সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও দলটির সভাপতি তারেক রহমান।বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশ দেন।দুপুর আড়াইটায় শুরু হওয়া বৈঠকটি বিকেল ৩টা ৫৫ মিনিটে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা উপস্থিত ছিলেন।বৈঠক সূত্রে জানা গেছে, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। এ জন্য সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় থেকে সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং তাদের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন তিনি।

দলকে শক্তিশালী করতে এমপিদের নতুন নির্দেশনা তারেক রহমানের

রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না হলে আগুন জ্বলবে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, রাজনীতি এখন সর্বগ্রাসী। শুধু প্রধানমন্ত্রী, মন্ত্রী বা রাষ্ট্রপতি নন, গ্রামপর্যায়ের একজন রাজনৈতিক কর্মীও চাইলে অনেক মানুষের উপকার করতে পারেন, আবার ক্ষতিও করতে পারেন। তাই রাজনীতি ঠিক হলে দেশও ঠিক হয়ে যাবে। সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিবিদদেরই সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচন না হলে দেশে আগুন জ্বলবে এবং অস্থিতিশীলতা তৈরি হবে বলেও সতর্ক করেছেন স্পিকার। আজ বৃহস্পতিবার রাজধানীতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন স্পিকার। আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশের রাজনীতিবিদদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁরা চাইলে মানুষের পাশে দাঁড়াতে পারেন। আবার নিজেদের ক্ষমতার অপব্যবহার করে মানুষের ক্ষতিও করতে পারেন। তাই রাজনীতির ইতিবাচক পরিবর্তন জরুরি। বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিবিদদেরই সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে। রাজনীতিবিদদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে স্পিকার বলেন, সুবিধাবঞ্চিত মানুষের প্রতি রাজনীতিবিদদের আগ্রহ ও দায়বদ্ধতা সব সময় দেখা যায় না। নির্বাচনের সময় এসব মানুষের গুরুত্ব বাড়লেও অন্য সময় সাধারণ মানুষের খোঁজ নেওয়ার প্রবণতা কম। নির্বাচিত হওয়ার পর অনেকেই নিজের সুযোগ-সুবিধা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। অথচ দেশের বিপুলসংখ্যক মানুষ এখনো নানা দিক থেকে বঞ্চিত। রাজনীতিবিদদের এই প্রবণতা থেকে বেরিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। দেশে গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরে স্পিকার বলেন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই। নির্বাচন সুষ্ঠু না হলে দেশে আগুন জ্বলবে, অস্থিতিশীলতা তৈরি হবে। জনগণ এখন অনেক বেশি সচেতন। তাই নির্বাচনে কারচুপি করাও কঠিন হয়ে পড়েছে। অতীতের নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, এর আগের একটি নির্বাচনে (২০১৪) ভোট গ্রহণের আগেই ১৫৩ জন নির্বাচিত হয়েছিলেন। এসব অভিজ্ঞতা গণতন্ত্রের জন্য ভয়াবহ ছিল। তবে বর্তমান সংসদ গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছে। নির্বাচনে অর্থের প্রভাব কমানোর ওপর গুরুত্ব দিয়ে স্পিকার বলেন, এ জন্য নির্বাচন কমিশনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতপ্রকাশের ক্ষেত্রে বাধার কথাও তুলে ধরেন স্পিকার। তিনি বলেন, অনেক সংসদ সদস্য মনের কথা বলতে পারেন না। তাঁরা ভাবেন, কথা বললে দলের নেতা রাগ করবেন কি না, স্থানীয় প্রভাবশালীরা কী মনে করবেন কিংবা ভোটের ওপর কোনো প্রভাব পড়বে কি না। এসব চিন্তায় তাঁরা সংকুচিত থাকেন। নারীদের জন্য সংরক্ষিত আসনের পরিবর্তে সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ বাড়ানোর পক্ষে মত দেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, এখন অনেক যোগ্য নারী রাজনীতিবিদ রয়েছেন। তাঁরা সরাসরি নির্বাচনে অংশ নিয়ে পুরুষ প্রার্থীদেরও পরাজিত করতে সক্ষম। তাই সংরক্ষিত আসনের ব্যবস্থা ধীরে ধীরে তুলে দেওয়া উচিত। রাজনৈতিক দলগুলোকে বাধ্যতামূলকভাবে এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী দেওয়ার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে বলে মন্তব্য করেন স্পিকার। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে গঠিত সংসদীয় ককাসের ভূমিকা নিয়ে স্পিকার বলেন, দেশের অন্যতম বড় সমস্যা দুর্নীতি। সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় এই ককাসকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দুর্নীতির অভিযোগ উঠলে দল বা পদ বিবেচনা না করে তা প্রকাশ করতে হবে। তিনি বলেন, ককাসের সদস্যদের শুধু সুবিধাবঞ্চিত মানুষের সমস্যা চিহ্নিত করলেই হবে না, সুষ্ঠু নির্বাচন ও তাঁদের রাজনৈতিক অংশগ্রহণের পরিবেশ তৈরিতেও কাজ করতে হবে। অনুষ্ঠানে উল্লেখ করা হয়েছে, বর্তমানে সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে রয়েছে। এই বিপুল জনগোষ্ঠীর উন্নয়নে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। স্পিকার বলেন, প্রথমবারের মতো বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যদের নিয়ে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার রক্ষায় একটি ককাস গঠন করা হয়েছে। এটি আশাব্যঞ্জক উদ্যোগ। ককাসের সদস্যরা আন্তরিকভাবে কাজ করলে সমাজে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব। অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, সুবিধাবঞ্চিত মানুষের সমস্যাগুলো তিনি আলাদাভাবে জানেন। কিন্তু একসঙ্গে এতগুলো সমস্যা তুলে ধরার সুযোগ আগে হয়নি। এ আয়োজনের মাধ্যমে সমস্যাগুলো নতুনভাবে বোঝার সুযোগ পেয়েছেন। এ জন্য তিনি দেবপ্রিয় ভট্টাচার্যকে ধন্যবাদ জানান। চিফ হুইপ বলেন, দেশের পিছিয়ে পড়া মানুষকে সামনে এগিয়ে নিতে সরকার কাজ করতে চায়। কৃষক, শ্রমজীবী মানুষ ও নারীদের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষকদের সহায়তা, ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্য কার্ডের মতো কর্মসূচির মাধ্যমে তাঁদের সুযোগ-সুবিধা বাড়ানোর চেষ্টা চলছে। দেশের সব মানুষকে উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসার ওপর গুরুত্ব দিয়ে নূরুল ইসলাম মনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সবাইকে এক কাতারে আনতে না পারলে সামগ্রিকভাবে ভালো থাকা সম্ভব নয়। সমাজের চিন্তা ও আচরণেও পরিবর্তন আনার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, শুধু অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকাই সমস্যা নয়, চিন্তা-চেতনা ও মানসিকতার দিক থেকেও অনেক পিছিয়ে আছি। অন্যকে ঠকিয়ে নিজে জেতার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। পরিশ্রম ও দক্ষতার প্রতি সম্মান তৈরি করতে হবে। বিশেষ করে শিক্ষাব্যবস্থার মাধ্যমে দক্ষ মানুষ গড়ে তুলতে হবে। ককাসের সদস্যদের উদ্দেশে চিফ হুইপ বলেন, সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বাস্তবায়নযোগ্য প্রস্তাব নিয়ে এলে সরকার তা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করবে। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের আহ্বায়ক ও সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সংসদ সদস্যদের কাছে তাঁদের প্রত্যাশা অনেক। তাঁরা পিছিয়ে পড়া মানুষের জন্য আইন প্রণয়ন করবেন। কোনো সমস্যা তৈরি হলে তা নিয়ে সংসদে আলোচনা করবেন। পাশাপাশি আগামী দিনের বাজেট প্রণয়নের সময়ও সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজনকে গুরুত্ব দেবেন। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের ইতিহাসে এবারই প্রথম সংসদের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা একসঙ্গে একটি প্ল্যাটফর্মে এসে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিয়ে কাজ করার উদ্যোগ নিয়েছেন। এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ককাসের প্রধান ও বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, দেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। দুর্নীতি বন্ধ করা না গেলে সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে না। মাহবুব উদ্দিন খোকন বলেন, সংসদ সদস্যরা যদি শপথ নেন যে নিজেরা দুর্নীতি করবেন না এবং অন্যকেও দুর্নীতি করতে দেবেন না, তাহলে দেশের উন্নয়ন অনেক সহজ হবে। শুধু রাজনীতিবিদ নন, নাগরিক সমাজসহ সবাই দুর্নীতি থেকে বেরিয়ে এলে দেশের অন্তত ৪০ শতাংশ অর্থের অপচয় রোধ করা সম্ভব বলে তিনি মনে করেন। সম্মানিত অতিথি হিসেবে মুক্ত আলোচনায় অংশ নেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও ককাসের সহসভাপতি পদে প্রস্তাবিত মো. সাইফুল আলম। তিনি বলেন, শহর ও গ্রামের মানুষের জীবনযাত্রায় পার্থক্য থাকলেও সুবিধাবঞ্চিত মানুষের সমস্যাগুলো প্রায় একই। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ও বাসস্থান তাঁদের প্রধান সমস্যা। দুর্নীতির কারণেও অনেকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন। এসব সমস্যা সমাধানে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যরা অংশ নেন। বিভিন্ন দলের মোট ২৫ জন সংসদ সদস্য এই ককাসের সদস্য। ককাস হলো সংসদ সদস্যদের একটি অনানুষ্ঠানিক ও স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম। অনুষ্ঠানে পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধি, উন্নয়নকর্মী ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না হলে আগুন জ্বলবে: স্পিকার

এমপি পুত্রের সারের ডিলার নিয়োগ বাতিল চেয়ে ডিসির কাছে আবেদন

নাটোরের গুরুদাসপুরে সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে ও ছাত্রদল নেতা হত্যা মামলার প্রধান আসামি নুরুজ্জামান মিন্টুসহ স্বজন ও ঘনিষ্ঠজনদের সারের ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এসব নিয়োগ বাতিল ও অনিয়মের তদন্ত দাবিতে নাটোর জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন গুরুদাসপুরের সার ডিলার ব্যবসায়ী ও সচেতন নাগরিকবৃন্দ। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের দপ্তরে এ অভিযোগ জমা দেওয়া হয়। লিখিত অভিযোগে বলা হয়, গত ৭ অক্টোবর প্রকাশিত গুরুদাসপুর উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার সার ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকায় সরকারি নীতিমালা ও যোগ্যতা উপেক্ষা করা হয়েছে। নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ডিও লেটার এবং তাঁর ছোট ছেলে মাহমুদুজ্জামান সোহাগের ব্যক্তিগত ঘনিষ্ঠতার সূত্র ধরে রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগে বিশেষভাবে বলা হয়, ধারাবারিষা ইউনিয়নে সংসদ সদস্যের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুকে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তিনি গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি। এ ছাড়া সংসদ সদস্যের বেসরকারি ব্যক্তিগত সহকারী যুবদল নেতা শরিফুল ইসলাম বিপ্লব, আপন ভাগ্নের স্ত্রীর নামে এবং ছোট ছেলে মাহমুদুজ্জামান সোহাগের ভায়রাসহ ঘনিষ্ঠজনদেরও ডিলার নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। নিয়োগপ্রাপ্ত কয়েকজনের ব্যবসায়িক অভিজ্ঞতা, গুদাম ও ব্যাংক সলভেন্সিসহ প্রয়োজনীয় যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। অভিযোগপত্রে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী শেখ এবং সার ব্যবসায়ী রাজু, শাহিন, আতিকুল ইসলাম, বাটুল, রইচ উদ্দিন, শামীম আক্তার, আয়নাল ও গোলাম হোসেন রসুল। গুরুদাসপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ওমর আলী শেখ বলেন, সার ডিলার নিয়োগে বিপুল পরিমাণ অর্থনৈতিক লেনদেনের অভিযোগ রয়েছে। অবিলম্বে এসব নিয়োগ বাতিল করে প্রকৃত যোগ্য ব্যক্তিদের নিয়োগের দাবি জানান তিনি। এ বিষয়ে নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুল ইসলাম খান জানান, অভিযোগের অনুলিপি তিনি পেয়েছেন। জেলা প্রশাসক অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে পারবেন।

এমপি পুত্রের সারের ডিলার নিয়োগ বাতিল চেয়ে ডিসির কাছে আবেদন

হাইকোর্টে জামিন পেলেন সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা দেওয়া এবং কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান।রোববার (১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। আদালতে তার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।এর আগে গত ৪ অক্টোবর রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। সেদিন তার আইনজীবীরা জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।পরে নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে আজ তাকে জামিন দেন হাইকোর্ট। গত ২ অক্টোবর শাহজালাল বিমানবন্দরে লাগেজ ও ট্রলি নিয়ে অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।  এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব।গ্রেপ্তারের পর মামলার তদন্ত কর্মকর্তা আখতারুজ্জামানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১ অক্টোবর জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি পরিবারের সদস্যদের নিয়ে মদিনা থেকে ঢাকায় ফেরেন। তাদের বহনকারী ফ্লাইটটি সকাল ৮টা ৫৫ মিনিটে ঢাকার বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন শেষে যাত্রীরা লাগেজ সংগ্রহের জন্য ৮ নম্বর বেল্ট এলাকায় যান। এজাহারে আরও বলা হয়েছে, ওই সময় যাত্রীর চাপ বেশি থাকায় ট্রলি সংগ্রহে সাময়িক সংকট দেখা দেয় এবং দীর্ঘ লাইন তৈরি হয়।  এ পরিস্থিতিতে কয়েকজন প্রটোকল সহকারী লাইনের নিয়ম না মেনে ট্রলি নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়। অন্যদিকে লাগেজ পেতে দেরি এবং জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে কয়েকজন যাত্রী উত্তেজিত হয়ে অশোভন আচরণ করেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।এ ঘটনায় দায়ের করা মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। 

হাইকোর্টে জামিন পেলেন সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান

হাইকোর্টে জামিন আবেদন করলেন সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান।রোববার (১ নভেম্বর) তার আইনজীবী শিশির মনির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ঢাকা মহানগর দায়রা জজ আদালত একই মামলায় তার জামিন আবেদন খারিজ করে দেন। গত ২৬ নভেম্বর শুনানি শেষে আদালত এ আদেশ দেন।এরও আগে গত ৪ অক্টোবর এক দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় তার আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ১ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি নিয়ে অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা তৈরি, সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে আখতারুজ্জামানের বিরুদ্ধে।  এ ঘটনায় ২ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। বিমানবন্দর থানায় মামলাটি করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব। গ্রেপ্তারের পর মামলার তদন্ত কর্মকর্তা তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি পরিবারের সদস্যদের নিয়ে মদিনা থেকে ঢাকায় ফেরেন। তাদের বহনকারী ফ্লাইটটি সকাল ৮টা ৫৫ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে।  ইমিগ্রেশন শেষ করে যাত্রীরা লাগেজ সংগ্রহের জন্য ৮ নম্বর বেল্ট এলাকায় যান। ওই সময় অতিরিক্ত যাত্রীর চাপ থাকায় ট্রলি সংগ্রহের সাময়িক সংকট তৈরি হয় এবং দীর্ঘ লাইন দেখা দেয়।  এ পরিস্থিতিতে কয়েকজন প্রটোকল সহকারী লাইনের নিয়ম না মেনে ট্রলি নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। একই সঙ্গে লাগেজ পেতে দেরি হওয়া এবং জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে কয়েকজন যাত্রী উত্তেজিত হয়ে অশোভন আচরণ করেন।  এ ঘটনায় দায়ের করা মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

হাইকোর্টে জামিন আবেদন করলেন সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান

স্বজনপ্রীতির সমালোচনায় হাসনাত, এমপিদের স্ত্রীদের নিয়ে কটাক্ষ

সরকার যদি নতুন করে বিধবা কিংবা বেকার কার্ড চালু করে, তবে সংসদ সদস্যদের (এমপি) স্ত্রীরাই তা সবার আগে নেবেন বলে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তীব্র কটাক্ষ করেছেন। তিনি দেশে চলমান স্বজনপ্রীতি ও প্রশাসনিক অনিয়মের সমালোচনা করতে গিয়ে এই বিস্ফোরক মন্তব্য করেন। নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে সোমবার (১২ অক্টোবর) দুপুরে মহানগর ছাত্রশক্তি আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে দেশের সাম্প্রতিক সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ার কঠোর সমালোচনা করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘সম্প্রতি সারের ডিলার নিয়োগের প্রক্রিয়ায় দেখা গেছে—এমপির ছেলে, মেয়ে এমনকি শালীও ডিলারশিপ পেয়েছেন। বাংলাদেশের বর্তমান অবস্থাটাই এমন দাঁড়িয়েছে যে, সরকার যদি এখন বিধবা বা বেকার কার্ড দেয়, এমপির বউরাই তা সবার আগে নেবেন।’ শিক্ষাঙ্গনের চলমান বিশৃঙ্খলা নিয়ে কথা বলতে গিয়ে এনসিপির এই শীর্ষ নেতা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, চুয়েটের উপাচার্যকে (ভিসি) শিক্ষক ও শিক্ষার্থীরা কেউই চান না। একটি বিশেষ গোষ্ঠী দেশকে পুনরায় পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ তোলেন।

স্বজনপ্রীতির সমালোচনায় হাসনাত, এমপিদের স্ত্রীদের নিয়ে কটাক্ষ

সংরক্ষিত নারী আসন পেতে বিএনপির নেত্রীদের দৌড়ঝাঁপ

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর সংসদের সংরক্ষিত নারী আসনটি শূন্য হয়েছে। এই আসনে বিএনপির পক্ষ থেকে কে সংসদ সদস্য হচ্ছেন, তা নিয়ে দলটির নেতা-কর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। আসনটি পেতে দৌড়ঝাঁপ করছেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেত্রীরা। জেলা পর্যায়ের নেত্রীরাও মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন।এবার সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাননি, এমন অনেক নেত্রীও নতুন করে তৎপর হয়েছেন। তাঁদের কেউ কেউ সরাসরি সংসদ নির্বাচনে দলের মনোনয়ন চেয়েছিলেন। মিষ্টির পদত্যাগের পর তাঁরা নতুন করে সুযোগ দেখছেন।বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, দল এখন ক্ষমতায় থাকায় এই আসনে মনোনয়ন পেতে আগ্রহীর সংখ্যা বেশি। পরিচিত নেত্রীদের পাশাপাশি আরও অনেকে মনোনয়ন পেতে চেষ্টা করছেন। এ জন্য কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগও বাড়িয়েছেন তাঁরা।তবে শূন্য হওয়া এই আসনে দল কাকে মনোনয়ন দেবে, তা এখনো চূড়ান্ত হয়নি। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেত্রীদের পাশাপাশি মহিলা দলের নেত্রীরাও আসনটি নিয়ে আগ্রহী। রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, লুটপাট ও ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ঘনিষ্ঠ ব্যক্তিদের নাম আসার পর রাজনৈতিক দায় নিয়ে প্রশ্নের মুখে পড়েন মিষ্টি। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার পর গত ১ অক্টোবর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র দেন তিনি। তবে হামলা-ভাঙচুরে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন মিষ্টি। সংরক্ষিত নারী আসন থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করার কারণে একটি আসন শূন্য হয়ে গেছে। নিয়মানুযায়ী, সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের আনুপাতিক হারে দলগুলো সংরক্ষিত নারী আসন পায়। ফলে মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনটি বিএনপির ভাগের, দলটিই ঠিক করবে কে যাবেন সংসদে। জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ২৭ ধারা অনুযায়ী, আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করতে হবে। সে হিসাবে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কথা। নির্বাচন কমিশন এখনো তফসিল ঘোষণা করেনি। এবার বিএনপির মনোনয়নে ৩৬ জন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন। গত ৩০ এপ্রিল তাঁদের নির্বাচিত হওয়ার গেজেট প্রকাশিত হয়। শপথ নেন ৩ মে। পাঁচ মাসের মধ্যে সংসদ সদস্য পদ ছাড়েন মিষ্টি। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিষ্টির শূন্য আসনের আলোচনায় আছেন দলটির সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদক সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া। সংরক্ষিত নারী আসনে আগেও তিনি সংসদ সদস্য ছিলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদের স্ত্রী পাপিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। চলতি বছরের জানুয়ারিতে এক অনুষ্ঠানে যোগ্য নারীদের দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে বিএনপির উদারতার অভাব রয়েছে—এমন অভিযোগ করে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন তিনি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে হারুনুর রশিদ বিএনপির মনোনয়ন পেয়েও জামায়াতের প্রার্থীর কাছে হেরে যান। তখন দলের ভেতর আলোচনা ছিল যে সংরক্ষিত আসনে হয়তো পাপিয়াকে সদস্য করা হবে। তবে আলোচিত দম্পতির দুজনই এখন সংসদের বাইরে। তাই এই দম্পতির অনুসারীরা পুনরায় আশা দেখছেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আইনজীবী শাহানা আক্তার সানুও সংরক্ষিত নারী আসনের শূন্য পদ পেতে তৎপর। ফেনীর সোনাগাজীর এই নেত্রী ছাত্রদলের রাজনীতি থেকে উঠে এসেছেন। বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ও কলেজ ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। মহিলা দলের যুগ্ম সম্পাদকও ছিলেন। এবার সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছিলেন তিনি। আলোচনায় রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আরেক সদস্য আয়শা সিদ্দিকা মনি। বাগেরহাটের রাজনীতিতে সক্রিয় এই নেত্রী এর আগে সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। ২০২৫ সালে ‘ফ্যাসিবাদবিরোধী’ আন্দোলনে নারীদের অবদানবিষয়ক বিএনপির কমিটিতেও তাঁকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। মহিলা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহিনুর নার্গিসও মনোনয়নপ্রত্যাশী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন তিনি। পরে কেন্দ্রীয় ছাত্রদলের ছাত্রীবিষয়ক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। স্বেচ্ছাসেবক দলের শিক্ষাবিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের নেতৃত্বেও ছিলেন। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আইনজীবী শাহিনুর বেগম সাগরের নামও আলোচনায় রয়েছে। নোয়াখালীর এই নেত্রী কেন্দ্রীয় ছাত্রদলের সহ-ছাত্রীবিষয়ক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে স্বেচ্ছাসেবক দলের মহিলাবিষয়ক সম্পাদকের দায়িত্ব পান। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০১৮ সালের সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নের তালিকায় তাঁর নাম ছিল। মহিলা দলের কেন্দ্রীয় মানব উন্নয়নবিষয়ক সম্পাদক খন্দকার ফারহানা আতিকাও মিষ্টির এই আসনে আগ্রহী। সংগঠনটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। বিভিন্ন জেলায় মহিলা দলের সাংগঠনিক কর্মসূচিতেও অংশ নিয়েছেন। বরিশাল মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনও সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন। কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ কর্মসূচি থেকে ফেরার পথে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল। চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসুদা আফরোজ হক সূচিও মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন। গত নির্বাচনে তিনি নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন। জেলা মহিলা দলের দায়িত্বের পাশাপাশি ওই এলাকায় দলীয় কর্মসূচি ও জনসংযোগে যুক্ত আছেন। গত বছরের সেপ্টেম্বরে নাচোলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় নেতৃত্ব দেন তিনি। দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা চৌধুরী হীরার নামও আলোচনায় আছে। ২০২২ সালের মে মাসে জেলা বিএনপির সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটে নির্বাচিত হন তিনি। তিনটি সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ১ হাজার ২৩৫ ভোট পান হীরা। প্রায় এক যুগ পর অনুষ্ঠিত ওই সম্মেলনে কাউন্সিলরদের ভোটে জেলা নেতৃত্বে আসেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি রুনা লায়লাও আছেন মনোনয়ন প্রত্যাশীদের তালিকায়। বিএনপির দায়িত্বশীল একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, পদ একটা, দাবিদার এক ডজনের বেশি। দলের অঙ্গসংগঠনে যাঁরা দীর্ঘদিন সক্রিয় আছেন, তাঁরা বিবেচনার দাবি রাখেন। আবার দলের সমর্থক, সংসদে ভূমিকা রাখতে পারেন—এমন যোগ্য নারীও আছেন। সব দিক বিবেচনা করেই একজনকে বেছে নেওয়া হবে। সবাইকে তো খুশি করা যাবে না। এ ক্ষেত্রে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি এখনো তা প্রকাশ করেননি। ফলে এখন যত নাম আসছে, সবই আলোচনা হিসেবে বিবেচনা করতে হবে।

সংরক্ষিত নারী আসন পেতে বিএনপির নেত্রীদের দৌড়ঝাঁপ

নিজের বাড়ি থেকে পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামানকে গ্রেপ্তার

পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়াকে (মুক্তা) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সোয়া ছয়টার দিকে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে নিখোঁজ রিকশাচালক আল আমিনকে (২১) হত্যা ও লাশ গুমের অভিযোগে করা মামলায় নাঈমুজ্জামান ভুঁইয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আজ সকাল ৯টার দিকে আদালতে হাজির করা হলে নাঈমুজ্জামানকে কারাগারে পাঠানোর আদেশ দেন পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন। পঞ্চগড় জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজল ও আদালত পুলিশের পরিদর্শক খান মো. শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। নাঈমুজ্জামান ভুঁইয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি। তাঁর নামে পঞ্চগড় সদর থানায় একাধিক মামলা আছে। আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১০ নভেম্বর নিখোঁজ রিকশাচালক আল আমিনের বাবা মো. মনু বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় সাবেক রেলমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম এবং নাঈমুজ্জামান ভুঁইয়াসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে আসামি করা হয়। পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, নাঈমুজ্জামান ভুঁইয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আজ ভোরে তাঁর কাজীপাড়া এলাকার বাড়িতে উপস্থিতির খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। সকাল সোয়া ছয়টার দিকে তাঁকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নিজের বাড়ি থেকে পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামানকে গ্রেপ্তার
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream