সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1

গণতন্ত্রের সংগ্রামে যুবদল ইস্পাতকঠিন অগ্রবাহিনী : রিজভী

​বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বহু সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে একটি ইস্পাতকঠিন বিএনপির অগ্রবাহিনী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, গণতন্ত্রের সংগ্রাম, মানুষের অধিকার রক্ষা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের অসংখ্য নেতাকর্মী জীবন উৎসর্গ করেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ​রুহুল কবির রিজভী বলেন, আজ থেকে ৪৮ বছর আগে এ দেশের মহান স্বাধীনতার ঘোষক এবং পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্র ও নাগরিক স্বাধীনতা নিশ্চিতকারী মহান রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের হাত ধরে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা হয়। দীর্ঘ পথ পরিক্রমায় এই সংগঠনটি দেশের তরুণদের এক বৃহত্তম যুব সংগঠনে পরিণত হয়েছে।   ​ফ্যাসিস্ট সরকারের আমলের নির্যাতনের কথা স্মরণ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, সংগ্রাম, সাহস, ঐক্য ও বীরত্বের প্রতীক এই যুবদলকে রাজপথে বহুবার দমনপীড়নের শিকার হতে হয়েছে। মাসের পর মাস কারাগারে আটকে রাখা হয়েছে, অনেকের বিরুদ্ধে যাবজ্জীবন জেলের সিদ্ধান্ত দেওয়া হয়েছে শুধু রাজনৈতিক কারণে। তবুও তারা গণতান্ত্রিক সংগ্রাম ও তাদের কর্তব্য থেকে একচুলও পিছপা হননি। ​বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে রিজভী বলেন, বিএনপির  চেয়ারম্যান তারেক রহমান উৎপাদন, উন্নয়ন, জনকল্যাণ এবং সামাজিক সুরক্ষার যে নতুন রাজনীতির সূচনা করেছেন, সেই কর্মসূচি বাস্তবায়নে জাতীয়তাবাদী যুবদল অনবদ্য অবদান রাখবে। দেশের গঠনমূলক ও পুনর্গঠনমূলক কাজ এবং মানুষের আর্থিক উন্নয়নে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে যুবদল কাজ করে যাবে। ​প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপিসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফাতেহা পাঠ করেন।  এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণতন্ত্রের সংগ্রামে যুবদল ইস্পাতকঠিন অগ্রবাহিনী : রিজভী

রিসোর্ট তৈরি নিয়ে বিরোধ থেকে যুবদল নেতা হত্যা, রহস্য উদযাঘটন

পানি উন্নয়ন বোর্ডের জমি নিয়ে বিরোধের জেরে সালিশে যাওয়ার পথে কুমিল্লায় যুবদল নেতা আবু কাউসারকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদ ও তার ভাই তানজিরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৭ অক্টোবর) সকালে সদর উপজেলার ছত্রখিল এলাকায় এ হত্যাকাণ্ডের পর গভীর রাতে নগরীর নূরপুর এলাকা থেকে তৌহিদকে গ্রেফতার করে ডিবি। একই দিন তৌহিদের ভাই তানজিরকে গ্রেফতার করেছে এসআরবি। যৌথ সংবাদ সম্মেলনে জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান ও এসআরবি ১১ এর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম।  জেলা পুলিশ সুপার জানান, জমিটি পানি উন্নয়ন বোর্ডের। গ্রেফতার তৌহিদ জানিয়েছে, এই জমিতে তারা যখনই রিসোর্ট করতে যায় তখন বাধা দিতে থাকে শামীম ও তার বন্ধু আবু কাউসার। সেই থেকেই তাদের বিরোধ শুরু। এটি নিয়ে গতকাল একটি মীমাংসার বৈঠক হওয়ার কথা ছিল। সেখানেই পরিকল্পিতভাবে হামলা করেছে তৌহিদ ও তার ভাই সঙ্গীরসহ লোকজন।  এসআরবি ১১ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে পলাতক তানজিরকে গ্রেফতার করেছি।   উল্লেখ্য, আবু কাউসার কুমিল্লা মহানগর যুবদলের সাবেক সদস্য। শুক্রবার কাউসারের বন্ধু শামীমসহ একটি জমির বিরোধ মিমাংসায় যান তিনি। সেখানে অটোরিকশা চালক মাসুম ও কাউসারকে কুপিয়ে আহত করে অভিযুক্তরা। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিসোর্ট তৈরি নিয়ে বিরোধ থেকে যুবদল নেতা হত্যা, রহস্য উদযাঘটন

বাউফলে যুবদল নেতাকে কুপিয়ে জখম

পটুয়াখালীর বাউফলে রমিজ মৃধা (৩৮) নামে এক যুবদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরকচুয়া গ্রামের বেল্লাল মল্লিকের দোকানের পাশে এ ঘটনা ঘটে। আহত রমিজ মৃধা ওই ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি স্থানীয় মৃত পঞ্চম আলী মৃধার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রমিজ মৃধা বেল্লাল মল্লিকের দোকানের পাশে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় জিসান মৃধা (২০), কামাল, সাইদ হাওলাদার ও ভুট্টু হাওলাদারসহ ৮ থেকে ১০ জনের একটি দল তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে রমিজ মৃধাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে বলে অভিযোগ করা হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং হাতে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আঘাতের কারণে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে জিসানকে মাদক সেবনের অভিযোগে বকাঝকা করেছিলেন রমিজ মৃধা। পরে গত মঙ্গলবার ৫০ হাজার টাকা চুরির অভিযোগকে কেন্দ্র করে জিসানকে মারধর করেন রমিজ এমন দাবি স্থানীয়দের। ওই ঘটনার জের ধরে গতকাল শনিবারের হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তাঁরা। তবে হামলার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মামুনুর রশিদ বলেন, ‘রমিজ মৃধার হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাউফলে যুবদল নেতাকে কুপিয়ে জখম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream