বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ভারতের ভিসা আবেদনে কমল প্রয়োজনীয় তথ্যের পরিমাণ

ভারতের ভিসা আবেদনে কমল প্রয়োজনীয় তথ্যের পরিমাণ

বিদেশি নাগরিকদের জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করতে বড় ধরনের পরিবর্তন এনেছে ভারত। নতুন নিয়মে ভিসার প্রধান ধরন ১৩টি থেকে কমিয়ে ৯টি করা হয়েছে। পাশাপাশি ভিসার উপশ্রেণি ৪৯টি থেকে কমিয়ে ২৩টিতে আনা হয়েছে।নতুন এই উদ্যোগের ফলে পর্যটন, চিকিৎসা, উচ্চশিক্ষা, গবেষণা ও ব্যবসার কাজে ভারতে যেতে আগ্রহীদের ভিসা আবেদন আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভিসার ধরন কমানোর পাশাপাশি আবেদনপত্রের জটিলতাও কমানো হয়েছে। নতুন ২৩টি উপশ্রেণির আবেদন ফরমে প্রয়োজনীয় তথ্যের ঘর ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। ফলে আবেদনকারীদের আগের তুলনায় কম তথ্য দিতে হবে।এর আগে ২০২৫ সালের অক্টোবরে ভিসা নীতিতে পরিবর্তন এনেছিল ভারত। এবার আন্তর্জাতিক নিয়ম ও উন্নত দেশগুলোর ভিসা ব্যবস্থার সঙ্গে মিল রেখে দ্বিতীয় দফায় এই সংস্কার করা হয়েছে। পর্যটন ভিসার নাম পরিবর্তন নতুন নিয়মে ট্যুরিস্ট ভিসার পরিবর্তে ‘ভিজিটর ভিসা’ চালু করা হয়েছে। এর পরিধিতে সাধারণ ভ্রমণের পাশাপাশি স্বল্পকালীন ব্যবসায়িক আলোচনা, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা কার্যক্রম এবং ভাষা, সংগীত ও শিল্পকলার প্রশিক্ষণ যুক্ত হয়েছে। এই ভিসার দুটি ধরন হলো ভি-১ ও ভি-২। প্রথমটির মেয়াদ ৩০ দিন। এ সময়ে একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। অন্যদিকে দ্বিতীয়টির মেয়াদ যোগ্যতা অনুসারে এক, পাঁচ কিংবা ১০ বছর পর্যন্ত হতে পারে। দীর্ঘমেয়াদি এই সুবিধায় পর্বতারোহণও অন্তর্ভুক্ত করা হয়েছে। মেডিকেল ভিসার মেয়াদ হবে এক বছর চিকিৎসাসেবা নিতে যাওয়া বিদেশিদের জন্যও আলাদা বিধান করা হয়েছে। সাধারণ চিকিৎসার ক্ষেত্রে এম-১ এবং আয়ুশ পদ্ধতির চিকিৎসায় এম-৩ ভিসা দেওয়া হবে। উভয়টির স্বাভাবিক মেয়াদ এক বছর এবং একাধিকবার প্রবেশের সুযোগ থাকবে। ই-ভিসাতেও একই সুবিধা মিলবে। রোগীর সঙ্গে যাওয়া স্বজনদের জন্য যথাক্রমে এম-২ ও এম-৪ ভিসার ব্যবস্থা রাখা হয়েছে। এতে চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখা এবং পুনরায় চিকিৎসকের কাছে যাওয়ার জন্য নতুন করে আবেদন করার প্রয়োজনীয়তা কমবে। ভারতের ‘হিল ইন ইন্ডিয়া’ কর্মসূচির সঙ্গেও এই উদ্যোগ যুক্ত। শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম শিক্ষার্থীদের জন্য এস-১ এবং গবেষণা ও সংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত ব্যক্তিদের জন্য এস-২ ভিসা নির্ধারণ করা হয়েছে। প্রথমটির আওতায় স্কুল থেকে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা গ্রহণ করা যাবে। দ্বিতীয় শ্রেণিতে থাকবেন পিএইচডি গবেষক, ভিজিটিং শিক্ষক, ইন্টার্ন এবং বৈজ্ঞানিক অভিযানে অংশগ্রহণকারীরা। ‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ বছরের ই-এস১ ভিসা পাবেন। তবে শিক্ষাক্রমের মেয়াদ অনুযায়ী এর কার্যকারিতা নির্ধারিত হবে। ব্যবসায়িক ভিসায় পরিবর্তন ব্যবসায়িক ভিসা ভাগ করা হয়েছে বি-১ ও বি-২ শ্রেণিতে। ভারতে ব্যবসাপ্রতিষ্ঠান স্থাপন কিংবা দীর্ঘমেয়াদি উদ্যোগ পরিচালনায় প্রথমটি ব্যবহার করা যাবে। দ্বিতীয়টির আওতায় থাকবে চুক্তিভিত্তিক কাজ, বিনিয়োগ, সম্মেলন, খেলাধুলা, সাংস্কৃতিক আয়োজন ও চলচ্চিত্র নির্মাণ। এ ছাড়া ভারতীয় প্রতিষ্ঠানে নিয়োজিত বিদেশি প্রকৌশলী ও কারিগরি বিশেষজ্ঞদের জন্য ‘প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা’ চালু হচ্ছে। যন্ত্রপাতি স্থাপন, উৎপাদন, রক্ষণাবেক্ষণ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণসংক্রান্ত কাজে এ সুবিধা মিলবে। ই-ভিসা ব্যবস্থাতেও আবেদন করা যাবে। ১৭২টি দেশে মিলবে ই-ভিসা সুবিধা  বর্তমানে ১৭২টি দেশের নাগরিক ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে ১৩ ধরনের উপশ্রেণিতে ই-ভিসা পাচ্ছেন। নতুন নিয়ম চালুর উপযোগী করতে প্রযুক্তিগত প্রস্তুতি নিচ্ছে ভারত। সংশোধিত কাঠামোয় ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ এই নয় ধরনের ভিসা থাকবে। ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যসহ কয়েকটি বিশেষ শ্রেণির আবেদনকারী বিবিধ ভিসার আওতায় পড়বেন। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে নতুন ব্যবস্থায় ভিসা দেওয়া শুরু হতে পারে। তথ্যসূত্র : এনডিটিভি

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream