বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চান প্রবাসীরা

প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চান প্রবাসীরা

ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী করতে প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর দাবি সামনে আনতে চায় সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখা। এ লক্ষ্যে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগের পরিকল্পনা নিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় প্যারিসের ওবারভিলিয়ে এলাকার ‘লিগেল এইড’-এর হলরুমে সংগঠনটির আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আজাদ মিয়া। সভা পরিচালনা করেন সদস্য সচিব আব্দুল মোমিত (রোমেল)। সভায় প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা, যাত্রী চাহিদা, অর্থনৈতিক সক্ষমতা এবং রুটটির দীর্ঘমেয়াদি কার্যকারিতা যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় সিদ্ধান্ত হয়, সরাসরি ফ্লাইট চালুর দাবির পক্ষে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে। সম্ভাব্য যাত্রীসংখ্যা, পরিচালন ব্যয়, সম্ভাব্য আয় এবং রুটটির বাণিজ্যিকভাবে টেকসই হওয়ার সম্ভাবনা পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাব তুলে ধরা হবে। যাত্রী চাহিদা ও বাস্তবতার ভিত্তিতে সাপ্তাহিক, পাক্ষিক কিংবা মাসিক ফ্লাইট পরিচালনার সম্ভাবনাও বিবেচনায় রাখা হবে। সংগঠনটির নেতারা মনে করেন, প্যারিস-ঢাকা সরাসরি বিমান যোগাযোগ চালু হলে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের পাশাপাশি বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে যাতায়াতকারী অন্যান্য যাত্রীরাও উপকৃত হবেন। বিশেষ করে যাত্রার সময় কমানো, ট্রানজিটের ঝামেলা এড়ানো এবং যাতায়াতের ভোগান্তি কমাতে এ উদ্যোগ ভূমিকা রাখতে পারে। তবে চূড়ান্ত প্রস্তাব দেওয়ার আগে যাত্রী চাহিদা ও অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই করা হবে। সভায় দীর্ঘমেয়াদি লক্ষ্য হিসেবে প্যারিস-সিলেট সরাসরি বিমান যোগাযোগ চালুর বিষয়টিও আলোচনায় আসে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, বিমান সংস্থা এবং প্রবাসী সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ফ্রান্সে সংগঠনটির কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ১৯০১ সালের ফরাসি সমিতি আইনের আওতায় নিবন্ধনের উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়। এ জন্য প্রয়োজনীয় গঠনতন্ত্র, সাংগঠনিক কাঠামো এবং প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। সভায় আহ্বায়ক কমিটিকে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটিতে রূপ দেওয়ার বিষয়েও আলোচনা হয়। আগামী ২১ নভেম্বর সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে সদস্যদের সঙ্গে সমন্বয়ের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করতে একটি ওয়েবসাইট ও ডিজিটাল যোগাযোগব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনাও সভায় উঠে আসে। পাশাপাশি যুক্তরাজ্য, পর্তুগাল ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে সংগঠনটির শাখা এবং কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় বক্তারা বলেন, প্রবাসীদের দাবি বাস্তবায়নে শুধু দাবি উত্থাপন করলেই হবে না, প্রয়োজন তথ্যভিত্তিক প্রস্তাব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং কাজের অগ্রগতি পর্যালোচনা। সংগঠনের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও ঐক্য বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তারা। সিলেট বিভাগের চার জেলার প্রতিনিধিদের নিয়ে গঠিত আহ্বায়ক কমিটিতে রয়েছেন আহ্বায়ক আজাদ মিয়া (সিলেট); যুগ্ম আহ্বায়ক মনোয়ার হুসেন (মোজাহিদ) (সুনামগঞ্জ), মো. তাজ উদ্দিন (সিলেট), সালাহ উদ্দিন আহমেদ (হবিগঞ্জ) ও তৌফিকুল ইসলাম (মৌলভীবাজার)। সদস্য সচিব আব্দুল মোমিত (রোমেল) (মৌলভীবাজার)। কমিটির সদস্যরা হলেন বদরুল বিন আফরুজ (সিলেট), আনসারী মোহাম্মদ আজাদ (মৌলভীবাজার) ও জিল্লুর রহমান (সিলেট)। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট দাবি নিয়ে ধারাবাহিকভাবে কাজ করাই তাদের মূল লক্ষ্য। প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব বাস্তবায়নে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে বাংলাদেশির বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের নির্বাচনে অবৈধভাবে ভোট দেওয়ার অভিযোগে মোহাম্মদ হাচিবুর রহমান (৩৩) নামে এক বাংলাদেশির বিরুদ্ধে মামলা হয়েছে। মেরিল্যান্ডের ডিস্ট্রিক্ট কোর্টের ইউএস অ্যাটর্নি অফিস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।মেরিল্যান্ডের ইউএস অ্যাটর্নি কেলি ও. হেইস এবং এফবিআইয়ের বাল্টিমোর ফিল্ড অফিসের স্পেশাল এজেন্ট ইনচার্জ জিমি পল যৌথভাবে এ তথ্য প্রকাশ করেন।মামলার নথি অনুযায়ী, মার্কিন নাগরিক না হয়েও হাচিবুর রহমান ২০২৪ সালের নভেম্বরের নির্বাচনে ভোট দেন বলে অভিযোগ উঠেছে। ওই নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচনের জন্য ভোটগ্রহণ করা হয়েছিল।তবে মামলা দায়ের হওয়া মানেই তিনি অপরাধী, এমন নয়। আদালতে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত আইন অনুযায়ী তিনি নির্দোষ হিসেবে গণ্য হবেন। অভিযোগ প্রমাণিত হলে হাচিবুর রহমান সর্বোচ্চ এক বছরের ফেডারেল কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন। তবে ফেডারেল অপরাধের ক্ষেত্রে প্রকৃত সাজা সাধারণত সর্বোচ্চ শাস্তির চেয়ে কম হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের সাজা নির্ধারণের নির্দেশিকা ও আইনের অন্যান্য বিধান বিবেচনায় নিয়ে ফেডারেল জেলা আদালতের বিচারক সাজা নির্ধারণ করবেন। তদন্তে কাজের জন্য এফবিআইকে ধন্যবাদ জানিয়েছেন অ্যাটর্নি কেলি ও হেইস। পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার (আইসিই) ওয়াশিংটন ফিল্ড অফিসের বাল্টিমোর কার্যালয়ের সহায়তারও প্রশংসা করেন তিনি। মামলাটি পরিচালনার দায়িত্বে থাকা সহকারী মার্কিন অ্যাটর্নি ফিলিপ মোৎসেকেও ধন্যবাদ জানান হেইস।

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে বাংলাদেশির বিরুদ্ধে মামলা

কায়রোতে বাংলাদেশি বংশোদ্ভূত জার্মান নাগরিকের মরদেহ ফেরাতে দুই দেশের কূটনৈতিক উদ্যোগ

মিশরের রাজধানী কায়রোতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশি বংশোদ্ভূত জার্মান নাগরিক আলমগীর চৌধুরী। গত রবিবার (২৫ অক্টোবর) কায়রোর নিউ কায়রোর হেলিওপোলিস হাসপাতালে (Heliopolis Hospital) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।  আলমগীর চৌধুরী মারা যাওয়ার পর তাঁর মরদেহ জার্মানিতে, নাকি বাংলাদেশে পাঠানো হবে-তা নিয়ে পরিবারের ইচ্ছা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় প্রক্রিয়ার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি সামনে এসেছে। এদিকে তাঁর মরদেহ দেশে ফেরানোর বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে কায়রোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলমগীর চৌধুরী চলতি বছরের ৮ অক্টোবর মিশরে আসেন। ১৭ দিনের মাথায় হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর পরিচয় ও পারিবারিক তথ্য যাচাই-বাছাই করে জানা গেছে, তিনি জার্মানির নাগরিক ছিলেন। তাঁর কাছে জার্মান পাসপোর্টের পাশাপাশি বাংলাদেশি পাসপোর্টও রয়েছে বলে জানা গেছে। আলমগীর চৌধুরীর গ্রামের বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলার সদর উপজেলার উকিলপাড়া গ্রামে। তাঁর পিতার নাম মৃত মোজাম্মেল হক চৌধুরী এবং মাতার নাম জাহান আরা বেগম চৌধুরী। জার্মান নাগরিকত্ব থাকলেও বাংলাদেশের সঙ্গে তাঁর পারিবারিক ও বংশগত সম্পর্ক রয়েছে। মরদেহ কোথায় পাঠানো হবে, সে বিষয়ে দু’টি সম্ভাবনা রয়েছে। জার্মান সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিলে মরদেহ জার্মানিতে পাঠানোর ব্যবস্থা হতে পারে। অন্যদিকে, বাংলাদেশে অবস্থানরত তাঁর পরিবারের সদস্যরা মরদেহ দেশে ফিরিয়ে নিতে চাইলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এ বিষয়ে কায়রোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শ্রমসচিব জাকির হোসেন জানান, মরদেহ বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে কিছু প্রক্রিয়া জার্মান দূতাবাসের মাধ্যমে এবং বাকি প্রয়োজনীয় প্রক্রিয়া বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সম্পন্ন করা হবে।  তিনি বলেন, আলমগীর চৌধুরীর বিষয়ে যাবতীয় প্রয়োজনীয় কার্যক্রম বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে পরিচালনা করা হচ্ছে। প্রয়োজনে কায়রোতে অবস্থিত জার্মান দূতাবাসকেও বিষয়টি অবহিত করা হবে। মরদেহ দেশে পাঠানোর ক্ষেত্রে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয় এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যদের ইচ্ছা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। তিনি আরও জানান, প্রবাসের মাটিতে একজন বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকের এমন মৃত্যুতে তাঁর পরিবারের কাছে মরদেহ পৌঁছে দেওয়ার বিষয়টি মানবিক গুরুত্ব বহন করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

কায়রোতে বাংলাদেশি বংশোদ্ভূত জার্মান নাগরিকের মরদেহ ফেরাতে দুই দেশের কূটনৈতিক উদ্যোগ

সরকারি উদ্যোগে লিবিয়া থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৪ জন বাংলাদেশি। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৫টা ৪০ মিনিটে দেশটির রাজধানী ত্রিপোলি থেকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা বাংলাদেশে পৌঁছান।পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস ও প্রবাসীকল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে তাদের দেশে ফেরানো হয়। এ কাজে সহযোগিতা করেছে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্বেচ্ছায় দেশে ফেরা এসব বাংলাদেশির বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার আশায় মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় গিয়েছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। বিমানবন্দরে দেশে ফেরা বাংলাদেশিদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা। এ সময় তাদের দুর্বিষহ অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ জানানো হয়, যাতে অবৈধ পথে বিদেশযাত্রার ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়ে। আইওএমের পক্ষ থেকে প্রত্যাবাসিত প্রত্যেক বাংলাদেশিকে যাতায়াতের খরচ, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। প্রয়োজনে তাদের অস্থায়ী আবাসনের ব্যবস্থাও করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাস, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম যৌথভাবে কাজ করছে।

সরকারি উদ্যোগে লিবিয়া থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

ইরাকের কুর্দিস্তানে বসবাসরত বাংলাদেশিদের জন্য সুখবর

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে স্থানীয় সরকার। ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া কিংবা রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হওয়ার কারণে ধার্য করা জরিমানা ৭৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে কুর্দিস্তান অঞ্চল সরকার। বুধবার কুর্দিস্তান অঞ্চল সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঘোষণার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরাকে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের বার্তা অনুযায়ী, ‘কুর্দিস্তান অঞ্চল সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রেবার আহমেদের নির্দেশক্রমে, বিদেশি নাগরিকদের ক্ষেত্রে ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া বা রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে যে জরিমানা ধার্য হয়, তা ৭৫% কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   আদেশ নং ৩২৫৫৭ অনুযায়ী যে সকল বিদেশি নাগরিক বৈধভাবে ভিসা নিয়ে কুর্দিস্তান অঞ্চলে প্রবেশ করেছেন। কিন্তু কোনো কারণে তাদের ভিসার মেয়াদ বাড়াতে পারেনি অথবা সেগুলোকে রেসিডেন্সি পারমিটে রূপান্তর করতে পারেনি এবং যাদের রেসিডেন্সি পারমিটের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাদের ক্ষেত্রে ২০১১ সালের নির্দেশনা নং ১ এ উল্লিখিত মোট বিলম্ব জরিমানার মাত্র ২৫% পরিশোধ করতে হবে।    এই ছাড় পাওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে যেকোনো একটি রেসিডেন্সি দপ্তরে যোগাযোগ করতে হবে। এ ক্ষেত্রে প্রযোজ্য মোট বিলম্ব জরিমানার কেবল ২৫% আদায় করতে হবে।’

ইরাকের কুর্দিস্তানে বসবাসরত বাংলাদেশিদের জন্য সুখবর

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশিকে নিয়ে এখন পর্যন্ত যা জানা গেছে

সৌদি আরবের মক্কা অঞ্চলে একটি মসজিদে ‘অনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে গত ১৪ অক্টোবর দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটির কর্তৃপক্ষ। তারা সিতি আখতার ও নজরুল ইসলাম আবদুল বশির বলে জানায় সৌদি কর্তৃপক্ষ। তবে সরকারি নথি অনুযায়ী ওই নারীর নাম সুইটি আক্তার এবং যুবকের নাম নজরুল ইসলাম। সাজাপ্রাপ্ত যুবকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় এবং নারীর বাড়ি টাঙ্গাইলে। সামাজিকমাধ্যমে তাদেরকে স্বামী-স্ত্রী এবং তারা উমরাহ করতে সে দেশে গেছেন বলে দাবি করা হলেও তাদের পরিবারের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে, তারা সম্পর্কে স্বামী-স্ত্রী নন এবং কাজের উদ্দেশ্যে তারা আলাদাভাবে সৌদি আরবে যান। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্ত নজরুল ইসলাম ২০২২ সালের অক্টোবরে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নেন সৌদি আরবে কাজের উদ্দেশ্যে। পরের বছর ৫ ফেব্রুয়ারিতে ক্লিয়ারেন্স নেন সুইটি আক্তার। প্রসঙ্গত, কাজের উদ্দেশ্যে যেকোনও দেশে যেতে হলে এই ছাড়পত্র গ্রহণ করতে হয়। সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে এই দুইজনের বিষয়ে খোঁজ খবর নেওয়া শুরু করেছে। তাদের সঙ্গে বসবাস করা কর্মী এবং অন্যান্য কর্মীদের সঙ্গেও কথা বলেছে। দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কথা বলে জানা গেছে, সৌদি সরকারের কাছে তাদের দুইজনের মামলার রায়ের কপি এবং নথিপত্র চাওয়া হয়েছে। সেগুলো পাওয়া গেলে প্রকৃত ঘটনা সম্পর্কে জানা যাবে। সংশ্লিষ্টদের দেওয়া তথ্যমতে,  তাদেরকে ২০২৩ সালে আটক করা হয়েছিল। কারাগারে থাকা অবস্থায় দুইজনই পরিবারের সঙ্গে মাসে একদিন করে যোগাযোগের সুযোগ পেয়েছেন। তবে মৃত্যুদণ্ডের সাজা এবং বাস্তবায়নের বিষয়ে তাদের পরিবারকে কিছুই জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আটকের পর সৌদি আরবের ক্রিমিনাল কোর্টে তাদের প্রত্যেকের ২০ বছরের সাজা হয়। তবে সেই সাজায় সন্তুষ্ট না হওয়ায় তারা ওই রায়ের বিরুদ্ধে দেশটির উচ্চ আদালতে আপিল করেন। উচ্চ আদালত রায়ে তাদের মৃত্যুদণ্ড দেন। কূটনৈতিক সূত্র বলছে, ওই তরুণ-তরুণীর সেই ‘অনৈতিক কর্মকাণ্ডের’ ভিডিও ধারণ করেন অপর একজন। তবে তিনি কোন দেশের নাগরিক তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সামাজিক মাধ্যমে অনেকেই তাকে পাকিস্তানি নাগরিক হিসেবে দাবি করলেও তিনি ভারতীয় নাগরিক হতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। ভিডিও করার অপরাধে তাকেও সাজা দেওয়া হয়েছে। একইসঙ্গে সেই ভিডিও বিভিন্ন মাধ্যমে শেয়ার করার অপরাধে আরও অন্তত ২০ জনকে আটক করা হয় এবং সাইবার ক্রাইমের মামলায় তাদেরকে সাজা দেওয়া হয়। নজরুলের পরিবার জানায়, আত্মীয়-স্বজনের কাছ থেকে ছয় লাখ টাকা ঋণ নিয়ে ২০২২ সালের ১০ নভেম্বর বড় ছেলে নজরুল ইসলামকে (২২)সৌদি আরবে পাঠান তার বাবা। কিন্তু সেখানে যাওয়ার আট মাসের মাথায় গ্রেফতার হন নজরুল। ঋণের সাড়ে চার লাখ টাকা তখনও পরিশোধ করা বাকি। এরপর কেটে গেছে প্রায় তিন বছর। কারাগারে থাকা ছেলের সঙ্গে মাঝেমধ্যে ফোনে কথা বলতে পারতেন বাবা-মা। সর্বশেষ কথা হয়েছিল গত ১১ অক্টোবর। দুই থেকে আড়াই মিনিটের সেই কথোপকথনের পর ছেলের কণ্ঠ আর শোনা হয়নি তাদের। গত বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সৌদি আরব থেকে ফোন করে পরিবারকে জানানো হয়, নজরুলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।    ছেলেকে হারানোর শোকে গত কয়েক দিন ধরে কাঁদছেন মা রহিমা বেগম। তিনি বলেন, ‘‘ছেলেই একমাস পরপর ফোন করতো। এক থেকে দুই মিনিট কথা বলতো। আমার ছেলের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যা। আমি শেষবারের মতো ছেলের লাশ দেখতে চাই।’’ অপরদিকে সুইটির পরিবারের সূত্রে জানা যায়, দিনমজুর ফজল মিয়ার পাঁচ মেয়ে। তাদের মধ্যে সুয়েতি আক্তার সবার ছোট। তার  ডাক নাম সুইটি। গত ২০১৬ সালের দিকে সুইটির একই উপজেলার তরফপুর গ্রামের বাসিন্দা সেলিম মিয়ার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। সেখানে পারিবারিক কলহের কারণে একবছর পর তাদের বিচ্ছেদ হয়। এর কিছুদিন পর ২০১৮ সালের দিকে মহেড়া গ্রামের শিপন মিয়ার সঙ্গে দ্বিতীয় বিয়ে হয়। ৬ মাস পর স্বামী শিপন মিয়া দ্বিতীয় বিয়ে করায় সেখান থেকেও ডিভোর্স হয় সুইটি আক্তারের। অভাবের সংসার ও মানসিকভাবে অস্বস্তিতে থাকার কারণে সুইটি সৌদি আরবে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরে ২০২৩ সালের দিকে স্থানীয় এক দালালের মাধ্যমে দেড় লাখ টাকা ঋণ করে তাকে সৌদি আরবে পাঠায় তার পরিবার। সৌদির আল মাজাল আল-আরাবি গ্রুপ কোম্পানিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে সুইটির চাকরি হয়।  প্রতিমাসে তিনি ৫ থেকে ১০ হাজার টাকা করে বাড়িতে পাঠাতেন। সব মিলিয়ে ৪০ থেকে ৫০ হাজার টাকা পাঠিয়েছিলেন। সৌদি যাওয়ার ৬ মাস পর হঠাৎ করে কোম্পানিতে মারামারির ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে সুইটি আক্তারকে দোষারোপ করা হয়। পরে সৌদি পুলিশ গ্রেফতার করে। এরপর থেকেই তিনি কারাবন্দি ছিলেন। তবে  কিছুদিন পরপর বাড়িতে ফোনে কথা বলতেন। সর্বশেষ গত ১৩ অক্টোবর (মঙ্গলবার) তার ভাগনি জেদনী আক্তারের সঙ্গে কথা হয়েছে সুইটির। এরপর থেকে পরিবারের সঙ্গে তার আর  কোনও খোঁজ নেই। সুইটি আক্তারের বাবা মো. ফজল মিয়া বলেন, ‘‘আমি দিনমজুরের কাজ করে সংসার চালাই। একদিন মাটি কাটি আবার আরেকদিন ভ্যান চালাই। এভাবেই আমার ৫ মেয়েকে বড় করেছি। অভাবের সংসারে ছোট মেয়ে সুয়েতি আক্তারকে (সুইটি আক্তার) দুই বার বিয়ে দেওয়া হয়। কিন্তু বিয়ে টিকেনি। এজন্য সংসারের হাল ধরতে সৌদিতে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে। দেড় লাখ টাকা ঋণ করে তাকে সৌদিতে পাঠানো হয়। মক্কা নগরির একটি কোম্পানিতে কাজ করতো। সেখানে কোম্পানির লোকজনের সাথে ঝগড়া হয়। কিন্তু আমার মেয়ে ঝগড়ার মধ্যে ছিল না। তারপরও পুলিশ তাকে গ্রেফতার করে। আড়াই বছর ধরে আমার মেয়ে জেলে রয়েছে। মাঝে মধ্যে ফোনে কথা বলতো। কয়েকদিন আগে সে বলেছিল, আগামী দুই মাস পর দেশে ফিরবে। কিন্তু গত মঙ্গলবারের (১৩ অক্টোবর) পর আর কথা হয়নি। এখন অনেকেই বলতেছে, আমার মেয়ে সুয়েতিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডের রায়ের ব্যাপারে আমার মেয়ে কিছুই জানায়নি।’’ তিনি আরও বলেন, ‘‘আমার মেয়ে মসজিদের ভেতরে কোনও অনৈতিক কাজ করেনি। তার কোনও বন্ধুও ছিল না। অনৈতিক কাজের বিষয়টি মিথ্যা। মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি এখনও প্রশাসনের মাধ্যমে নিশ্চিত হতে পারিনি। আমার মেয়েকে ফেরত চাই। মেয়েকে ফেরত দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও সৌদি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’’ 

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশিকে নিয়ে এখন পর্যন্ত যা জানা গেছে

ক্যানসারের তহবিল চুরি করে বিলাসবহুল বিয়ে, ব্রিটিশ-বাংলাদেশির কারাদণ্ড

তামিম চৌধুরী (২৯) নামের এক ব্রিটিশ-বাংলাদেশিকে ক্যানসার গবেষণার জন্য বরাদ্দকৃত তহবিলের প্রায় ৯২ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় দেড় কোটি টাকারও বেশি) আত্মসাতের দায়ে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন লন্ডনের একটি আদালত। তিনি নিজের বিলাসবহুল বিয়ের খরচ মেটানো ছাড়াও ব্যক্তিগত ঋণ পরিশোধ তহবিল চুরির এই অর্থ দিয়ে করেছিলেন বলে প্রমাণিত হয়েছে। রয়্যাল কোর্টস অব জাস্টিসে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নিজের অপরাধ ও অর্থপাচারের অভিযোগ স্বীকার করার পর বিচারক এই রায় দেন। পূর্ব লন্ডনের হ্যাকনির স্টোক নিউইংটন চার্চ স্ট্রিটের বাসিন্দা তামিম দাতব্য প্রতিষ্ঠান ব্রেস্ট ক্যানসার নাও-এর অর্থ বিভাগে কর্মরত ছিলেন।  আদালতের শুনানিতে জানা গেছে, ২০২৩ সালে ক্যান্সার গবেষণা বিষয়ক শীর্ষ প্রতিষ্ঠান দ্য রয়্যাল মার্সডেন এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট-এর পক্ষ থেকে ব্রেস্ট ক্যানসার নাও-কে প্রশাসনিক অনুদানের ৯১ হাজার ৯৬৬ দশমিক ৭২ পাউন্ড ফেরত দেওয়ার কথা ছিল। তামিম ২০২৩ সালের ১১ আগস্ট প্রতিষ্ঠানটির অফিশিয়াল প্যাড ব্যবহার করে রয়্যাল মার্সডেনকে পাঠানো এক ই-মেইলে অ্যাকাউন্টের জায়গায় জালিয়াতি করে নিজের স্যানটান্ডার ব্যাংকের বিবরণ দেন। পরবর্তীতে ২০২৪ সালের ১৬ আগস্ট পুরো অর্থটি তার ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা হয়। তদন্তে আরও জানা যায়, মারাত্মক আর্থিক সংকটে থাকা তামিম পাওনাদারদের তাগাদায় দিশেহারা হয়ে পড়েছিলেন। তবে ব্যাংকে টাকা ঢোকার পর ২০২৪ সালের সেপ্টেম্বরের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে তিনি প্রায় ৪৯ হাজার ১০০ পাউন্ড খরচ করে ফেলেন। এই অর্থ দিয়ে তিনি দেনা মেটানো, কাতার ভ্রমণের টিকিট, বিলাসবহুল কেনাকাটা, আত্মীয়দের টাকা পাঠানো এবং রাজকীয় বিয়ের আয়োজন ও বিদেশে মধুচন্দ্রিমার খরচ মেটান। হঠাৎ বিশাল অঙ্কের লেনদেনে সন্দেহ হলে স্যানটান্ডার ব্যাংক অ্যাকাউন্টটি স্থগিত করে অবশিষ্ট ৪২ হাজার ৮৬৬ দশমিক ২৫ পাউন্ড জব্দ করে। ব্রেস্ট ক্যানসার নাও-এর অভিযোগের ভিত্তিতে সিটি অব লন্ডন পুলিশের বিশেষায়িত দল তদন্ত শুরু করে এবং ২০২৫ সালের জুনে তামিমকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে। তদন্ত কর্মকর্তা ইউসুফ মির্জা জানান, ক্যান্সারের জীবনরক্ষাকারী কাজের অর্থ আত্মসাৎ করে তামিম চরম বিশ্বাসঘাতকতা করেছেন। ব্রেস্ট ক্যানসার নাও জানিয়েছে, ব্যাংকের দ্রুত পদক্ষেপের ফলে পুরো অর্থই উদ্ধার করা সম্ভব হয়েছে এবং প্রতিষ্ঠানটির কোনও আর্থিক ক্ষতি হয়নি। এ ধরনের জালিয়াতি ঠেকাতে তারা নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে।

ক্যানসারের তহবিল চুরি করে বিলাসবহুল বিয়ে, ব্রিটিশ-বাংলাদেশির কারাদণ্ড

কলকাতায় চিকিৎসায় গিয়ে আগুনে প্রাণ গেল ৯ বাংলাদেশির

ভয়াবহ অগ্নিকাণ্ডে কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে নিহত ৯ বাংলাদেশিই  সেখানে গিয়েছিলেন চিকিৎসার জন্য বলে জানা গেছে। নিউ মার্কেটের কাছে বুধবার (১৯ আগস্ট) ভোরে ওই হোটেলে আগুন লাগলে তারা ভেতরে আটকা পড়েন।হোটেলটিতে ভোর ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় কয়েকজন অতিথি বের হতে পারেননি।  চারটি দমকলের গাড়ি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরাও এতে যোগ দেন।হোটেলের ভেতরে আটকে পড়াদের উদ্ধারে দমকলকর্মীরা অভিযান চালান। তবে ঘন ধোঁয়ার কারণে ওপরের তলায় পৌঁছাতে তাদের বেশ বেগ পেতে হয়। একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও নয়জনের মৃত্যু হয়।এক পুলিশ কর্মকর্তা জানান, এখন পর্যন্ত নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও মৃত্যুর আশঙ্কা রয়েছে। আটকে পড়াদের উদ্ধার এবং অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করাই এখন প্রধান লক্ষ্য বলে জানান তিনি।আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে একটি এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণ থেকে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।ঘটনার খবর পেয়ে পশ্চিমবঙ্গ সরকারের তিন মন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেন। তাদের মধ্যে ছিলেন পৌর ও নগর উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায় এবং পূর্ণিমা চক্রবর্তী।এদিকে, কলকাতার এই অগ্নিকাণ্ডের মাত্র দুই দিন আগে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে আরেকটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১৭ আগস্ট ভোরে হোটেল বিদেষিণীতে আগুনে অন্তত আটজন নিহত ও কয়েকজন আহত হন।পাঁচতলা ওই হোটেলের নিচতলায় ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগে। সে সময় বেশিরভাগ অতিথি ঘুমিয়ে ছিলেন। নিহতদের মধ্যে মেঘালয়ের একই পরিবারের পাঁচজন সদস্য ছিলেন। তাদের মধ্যে দুটি শিশুও ছিল।

কলকাতায় চিকিৎসায় গিয়ে আগুনে প্রাণ গেল ৯ বাংলাদেশির
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream