পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট
বাংলাদেশের আকাশে আজ (১৩ আগস্ট) পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শুক্রবার সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শনিবার (১৫ আগস্ট) থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।এই হিসাব অনুযায়ী, আগামী ২৬ আগস্ট (বুধবার) দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ (এনডিসি)। দেশের সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং স্পারসো (SPARRSO) থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে আজ বাংলাদেশের কোনো স্থান থেকে চাঁদ দেখা যায়নি।সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভীসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা ও ধর্মীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।