শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
‎সড়ক দুর্ঘটনার দায় এড়ানোর সুযোগ নেই কারও: সড়কমন্ত্রী

‎সড়ক দুর্ঘটনার দায় এড়ানোর সুযোগ নেই কারও: সড়কমন্ত্রী

সড়ক দুর্ঘটনা কমানোর দায়িত্ব শুধু সরকারের নয়; পরিবহন মালিক, চালক, যাত্রী ও পুলিশসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। অনিয়মকে সমর্থন করে অন্যের ওপর দায় চাপানোর প্রবণতা থেকে বেরিয়ে না এলে নিরাপদ সড়ক প্রতিষ্ঠা কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি। আজ বুধবার (২৮ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে সড়ক ও জনপথ অধিদপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী। শেখ রবিউল আলম বলেন, চালকের দক্ষতা, যানবাহনের ফিটনেস ও আইন প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি মানুষের আচরণেও পরিবর্তন আনতে হবে। ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত মানুষের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে চালকদের সচেতনতা ও দক্ষতার অভাবের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এ সমস্যা অস্বীকার করে সমাধান সম্ভব নয়। পরিবহন মালিকদেরও দক্ষ চালক নিয়োগে দায়িত্ব নিতে হবে। শেখ রবিউল আলম বলেন, একজন মালিকের ৫০টি গাড়ি থাকলে প্রতিটিতে দক্ষ চালক নিয়োগ দেওয়া তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। যোগ্য চালক পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ না করে মালিকদের দক্ষ চালক চিহ্নিত করে সরকারের কাছে পাঠাতে হবে। তাঁদের যোগ্যতা যাচাই করে লাইসেন্স দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান সড়কমন্ত্রী। তিনি বলেন, কোনো গাড়ির ফিটনেস না থাকলে কিংবা চালক ঠিকমতো গাড়ি চালাতে না পারলে সেটি চলতে দেওয়া উচিত নয়। প্রয়োজনে গাড়ি আটকে রেখে চালক পরিবর্তনের পর তা ছাড়তে হবে। শেখ রবিউল আলম বলেন, নিয়ম না মেনে গাড়ি চালাতে দেখেও কোনো চালককে মহাসড়কে চলতে দেওয়া হলে দুর্ঘটনার ঝুঁকি থেকেই যায়। সাময়িকভাবে যাত্রীদের ভোগান্তি হলেও নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে। সড়ক দুর্ঘটনায় প্রাণহানির পরিসংখ্যানের নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন মন্ত্রী। তিনি বলেন, কোনো এক জরিপে বছরে ৩১ হাজার মানুষের মৃত্যুর তথ্য এসেছে। সেই হিসাবে প্রতিদিন গড়ে ৮৫ জনের মৃত্যু হয়। তবে এ তথ্য কীভাবে সংগ্রহ করা হয়েছে, কারা জরিপ করেছে এবং এর ভিত্তি কী, তা যাচাই করা প্রয়োজন। শেখ রবিউল আলম বলেন, ভুল তথ্যের ভিত্তিতে সমস্যার সমাধান সম্ভব নয়। আবার প্রকৃত তথ্য না জানলেও কার্যকর পদক্ষেপ নেওয়া যাবে না। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ জরুরি। দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোর তথ্য সংরক্ষণে ডেটাবেইস তৈরি করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এর মাধ্যমে কোন এলাকায় কেন বারবার দুর্ঘটনা ঘটছে, তা চিহ্নিত করে সড়কের নকশা পরিবর্তনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। তাঁর ধারণা, এ উদ্যোগের মাধ্যমে প্রায় ২০ শতাংশ সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব। সড়ক দুর্ঘটনা কমাতে সরকারের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নাধীন রয়েছে জানিয়ে শেখ রবিউল আলম বলেন, মহাসড়কের সঙ্গে আঞ্চলিক সড়কের বিপজ্জনক সংযোগস্থল চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও হেলমেট ব্যবহারের নিয়ম কার্যকর করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে একটি সমন্বিত আইন প্রণয়নের কাজ করা হবে। সড়ক নিরাপত্তায় যাত্রীদের দায়িত্বের কথা তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, অনেকে অনিরাপদ যানবাহন নিয়ে আপত্তি তোলেন, কিন্তু নিজেরা সেই যানবাহনে ওঠা বন্ধ করেন না। একইভাবে ফুটপাত দখলসহ বিভিন্ন অনিয়মের বিরোধিতা করলেও নিজের স্বার্থ জড়িত থাকলে অনেকে প্রতিবাদ করেন না। মন্ত্রী বলেন, মোটরসাইকেলে হেলমেট ছাড়া চলাচল, অতিরিক্ত যাত্রী বহন ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর প্রবণতা বন্ধ করতে হবে। বিশেষ করে তরুণদের মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। নিজের জীবনকে ভালোবাসার পাশাপাশি অন্যের জীবনের প্রতিও দায়িত্ববোধ থাকতে হবে। পরিবহন মালিক, শ্রমিক, প্রকৌশলী, পুলিশ ও সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞদের সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে সরকারের সঙ্গে কাজ করার আহ্বান জানান শেখ রবিউল আলম। তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা কোথায় কী ধরনের পদক্ষেপ প্রয়োজন, তা চিহ্নিত করে প্রস্তাব দিলে সরকার বাস্তবায়নে সহযোগিতা করবে। শুধু সরকারের ওপর দায় চাপিয়ে নয়, সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করলেই নিরাপদ সড়ক প্রতিষ্ঠা সম্ভব। আলোচনা সভায় আরও ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রকিবুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফ, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ফারুক তালুকদার সোহেল, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সভাপতি আবদুর রহিম বক্স দুদু ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলমসহ আরও অনেকে।

মুকসুদপুরে পিকআপের চাপায় বাবা-মেয়ে নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে মাছবাহী পিকআপের চাপায় অটোভ্যানে থাকা বাবা ও তাঁর ছয় বছর বয়সী মেয়ে নিহত হয়েছেন। আজ রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম রঞ্জু (৪৫)। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে। নিহত শিশুর নাম সামিরা আক্তার (৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে গোপালগঞ্জের দিকে যাচ্ছিল মাছবাহী একটি পিকআপ। এ সময় বিপরীত দিক থেকে আসা মুকসুদপুরগামী একটি অটোভ্যানকে পিকআপটি চাপা দিয়ে চলে যায়। এতে অটোভ্যানে থাকা বাবা ও মেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মুকসুদপুরে পিকআপের চাপায় বাবা-মেয়ে নিহত

ইনানীর ওই রিসোর্ট ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল গত জুনে: ফায়ার সার্ভিস

কক্সবাজারের উখিয়ার ইনানীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ‘টুপটুপ রিসোর্ট’ ফায়ার সার্ভিসের কোনো ধরনের অনুমোদন ছাড়াই চলছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। তিনি বলেন, গত জুনেই পরিদর্শনের পর রিসোর্টটিকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে নোটিশ দেওয়া হয়েছিল; কিন্তু সেই সতর্কতা উপেক্ষা করেই রিসোর্টটি অবৈধভাবে তাদের কার্যক্রম চালিয়ে আসছিল। আজ শনিবার দুপুরে রাজধানীর কাজী আলাউদ্দীন রোডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহাপরিচালক এ তথ্য জানান। দুর্গাপূজা উপলক্ষে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তাবিষয়ক প্রস্তুতি তুলে ধরতে মূলত এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীর পাটোয়ারটেক সৈকতসংলগ্ন কাঠের তৈরি ওই রিসোর্টে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তৎপরতায় বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বেলা দেড়টা পর্যন্ত রিসোর্টটি থেকে ১০ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় দগ্ধ ছয়জন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। ফায়ার সার্ভিসের মহাপরিচালক সুলতানুল আফরীন জুনাইদ বলেন, তিনতলা কাঠের তৈরি এই রিসোর্টের নিচতলায় রেস্তোরাঁ ছিল। সেখানে খাবার তৈরি করা হতো। আর দোতলা ও তিনতলায় ছিল পর্যটকদের থাকার ব্যবস্থা। তবে ফায়ার সার্ভিসের নজরদারি ও বিধি অনুযায়ী প্রতিষ্ঠানটির কোনো অগ্নিনিরাপত্তা সনদ ছিল না। সুলতানুল আফরীন জানান, সকাল সাড়ে সাতটার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। দুর্ঘটনাস্থল থেকে নিকটবর্তী ফায়ার স্টেশনের দূরত্ব ছিল প্রায় ২২ কিলোমিটার। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পরে তা পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়। কক্সবাজারসহ দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে কাঠ ও অন্যান্য দাহ্য পদার্থ দিয়ে তৈরি রিসোর্টগুলোর নিরাপত্তা ও বৈধতার বিষয়ে এক প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তাদের নোটিশের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাসোসিয়েশনের মাধ্যমে নিরাপত্তাবিষয়ক বার্তা পৌঁছে দেওয়া হবে। সামনে শুষ্ক মৌসুমে এমন দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়তে পারে উল্লেখ করে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক হওয়া প্রয়োজন। আগুনের সূত্রপাত প্রসঙ্গে মহাপরিচালক বলেন, পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি নোটিশ দেওয়ার পরও ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান চালু থাকা এবং দেশজুড়ে এ ধরনের রিসোর্টের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়ে ফায়ার সার্ভিসের বিদ্যমান আইন, নজরদারির সীমাবদ্ধতা ও করণীয় পর্যালোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। পুরান ঢাকায় ঘন ঘন অগ্নিকাণ্ড, অনুমোদনহীন কারখানা, গুদাম ও বিস্ফোরক পদার্থের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, ঘনবসতিপূর্ণ এলাকার সরু রাস্তা এবং ভবনগুলোর পারস্পরিক দূরত্বের অভাব ফায়ার সার্ভিসের জন্য বড় একটি চ্যালেঞ্জ। এর ফলে অগ্নিনির্বাপণকারী ভারী গাড়ি ও সরঞ্জাম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। তিনি বলেন, ভবন নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোড ও সংশ্লিষ্ট নিয়মাবলি মেনে চলা অত্যন্ত জরুরি। পুরোনো বসতিগুলোতে রাতারাতি সব নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা কঠিন ও সময়সাপেক্ষ। নতুন ভবনের ক্ষেত্রে নিয়ম মানতে বারবার সচেতন করা হলেও অনেকেই তা মানছেন না। এই সীমাবদ্ধতা কাটিয়ে সক্ষমতা বাড়ানোর বিকল্প পরিকল্পনার কথা জানিয়ে মহাপরিচালক বলেন, ঘিঞ্জি ও সরু রাস্তায় দ্রুত পৌঁছাতে বিশেষ ধরনের তিন চাকার যান ব্যবহারের পরিকল্পনা নেওয়া হচ্ছে। পাশাপাশি মোটরসাইকেলে করে হোস পাইপ নিয়ে গিয়ে আশপাশের ভবনের পানির আধারের (রিজার্ভার) সঙ্গে যুক্ত করে তাৎক্ষণিকভাবে আগুন নেভানো যায় কি না, তা নিয়েও চিন্তাভাবনা চলছে।

ইনানীর ওই রিসোর্ট ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল গত জুনে: ফায়ার সার্ভিস

চকবাজারে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে যা বললেন ডিএসসিসি প্রশাসক

পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে গতকাল রাত সাড়ে ১০টায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।  পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের সাথে কথা বলে তাদের সমবেদনা জানান। পরিদর্শন শেষে তিনি উপস্থিত গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ও ব্রিফিং করেন। ​অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রশাসক জানান, আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের নেতৃত্বে তদন্ত ও সার্বিক কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। ​তিনি জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী  ব্যাগ তৈরির একটি ফ্যাক্টরি থেকে আগুনের সূত্রপাত হয়, যার চারপাশে তৈরি পোশাকের একাধিক দোকান ও কারখানার অবস্থান ছিল। আল্লাহর রহমতে ফায়ার সার্ভিস ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে এনেছে। দুর্ঘটনাস্থলে অযথা ভিড় না করে ফায়ার সার্ভিস কর্মীদের কাজ করার সুযোগ দিলে দ্রুতই পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ​বারবার চকবাজার এলাকায় অগ্নিকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে প্রশাসক বলেন, পুরান ঢাকায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইতোমধ্যে কেমিক্যাল লাইসেন্স প্রদান বন্ধ রাখা হয়েছে। যার ফলে কেমিক্যাল সংক্রান্ত বড় ধরণের অগ্নিকাণ্ডের হার আগের চেয়ে অনেকটাই কমে এসেছে। ​অগ্নিকাণ্ডকালে পানির স্বল্পতা প্রসঙ্গে তিনি বলেন, পুরান ঢাকার বর্তমান সংকটাপন্ন অবকাঠামো একদিনে সৃষ্টি হয়নি এবং এটি বর্তমান প্রশাসনের তৈরি নয়; উত্তরাধিকার সূত্রে পাওয়া এই সমস্যা সমাধানে বর্তমান প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই পুরান ঢাকার বিদ্যমান পুকুরসমূহ সংরক্ষণ ও সংস্কারের কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পুরান ঢাকার ড্রেনেজ ব্যবস্থার সার্বিক সংস্কারকাজও হাতে নেওয়া হয়েছে। ​মার্কেট ও বসতবাড়িতে অগ্নিনির্বাপক ব্যবস্থা গ্রহণের জোর তাগিদ দিয়ে প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম বলেন, "এটি কেবল আইন করে বাধ্যতামূলক করার বিষয় নয়, নিজেদের জীবন ও সম্পদ সুরক্ষার স্বার্থেই সবার ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে অগ্নিনির্বাপণ সরঞ্জাম রাখা জরুরি। আজকের এই মর্মান্তিক ঘটনা থেকে শিক্ষা নিয়ে আশেপাশের মার্কেট ও ভবনগুলোতে যথাযথ সুরক্ষাব্যবস্থা রাখা হলে ক্ষয়ক্ষতির ব্যাপকতা অনেক কম হতো।" ​তিনি আরও বলেন, আল্লাহর অশেষ রহমতে বড় ধরণের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। তবে এরপরেও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সার্বিক বিষয়ে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ​রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে প্রশাসক বলেন, চকবাজারের রাস্তাঘাটগুলো যদি দখলমুক্ত থাকতো, তবে ফায়ার সার্ভিস বহর অনেক দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারতো। তাই যত্রতত্র অবৈধ দোকান না বসানো এবং রাস্তা ও ফুটপাত সর্বসাধারণ ও জরুরি চলাচলের জন্য উন্মুক্ত রাখতে স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি গণমাধ্যমের সহায়তা কামনা করেন তিনি। গতকাল বিকেলে চকবাজারের ছোট কাটারাস্থ এসি মসজিদের পাশে ‘মনজুর খান প্লাজা’র ছয়তলায় প্রথম আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু পরবর্তীতে পার্শ্ববর্তী আরেকটি ভবনে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট সমন্বিতভাবে নিয়ন্ত্রণে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চকবাজারে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে যা বললেন ডিএসসিসি প্রশাসক

রাজধানীতে অটোরিকশার কাচ ভেঙে মাথায় আঘাতে প্রাণ গেল চালকের

রাতের সড়কে সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে যাচ্ছিলেন সানোয়ার হোসেন (৫০)। রাজধানীর রমনার মিন্টো রোডে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর অটোরিকশাটি রাস্তার পাশের সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এতে অটোরিকশাটির কাচ ভেঙে মাথায় আঘাত পান তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর রমনা থানার মিন্টো রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রমনা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মহসিন প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। সানোয়ারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান পথচারী তৌহিদ হোসেন। তিনি বলেন, রাতে অটোরিকশা চালিয়ে যাওয়ার সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধাক্কা লাগে। এতে গাড়ির কাচ ভেঙে তাঁর মাথায় আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় তিনি রাস্তায় পড়ে ছিলেন। এ সময় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তিনি। সানোয়ারের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার সলঙ্গা গ্রামে। তাঁর বাবার নাম আবদুল করিম।

রাজধানীতে অটোরিকশার কাচ ভেঙে মাথায় আঘাতে প্রাণ গেল চালকের

হরিপুরে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে একজনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের হরিপুরে নোনো নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আনারুল (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও (গণাগাছি খেসুয়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনারুল হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও (গোলাবাড়ি) গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ফেকা জাল দিয়ে মাছ ধরার উদ্দেশ্যে আনারুল নোনো নদীতে যান। মাছ ধরার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি পানিতে ডুবে যান। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে সকাল ১০টা ৫০ মিনিটের দিকে তাকে পানি থেকে উদ্ধার করা হয়।খবর পেয়ে হরিপুর উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আনারুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হরিপুরে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে একজনের মৃত্যু

বান্দরবানে গাছের সাথে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১১

বান্দরবানের আলীকদম সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১ জন নিহত এবং অন্তত ১ জন আহত হয়েছেন। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বাসের বাকি যাত্রীরা।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে আলীকদম সড়কের তারাবুনিয়া এলাকায় যাত্রীবাহী একটি বাসের সামনের চাকা হঠাৎ নষ্ট হয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে থাকা একটি বড় গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। ধাক্কার তীব্রতায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং গাছটি বাসের বডির ভেতর ঢুকে যায়।দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে সহায়তা করে।আলীকদম থানার ওসি জানান, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ১১ জনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।ছবিতে দেখা যায়, লাল-হলুদ রঙের "পূর্বাশা" লেখা বাসটির সামনের অংশ পুরোপুরি দুমড়ে গেছে। গাছটি বাসের ইঞ্জিন ও ড্রাইভারের সিট বরাবর ঢুকে আছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।পুলিশের ধারণা, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।

বান্দরবানে গাছের সাথে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১১

নেত্রকোণা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে এমপি আনোয়ারুল হক

নেত্রকোণা শহরের বড় বাজার এলাকায় শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। এ সময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সাময়িক প্রাথমিক আর্থিক সহযোগিতা প্রদান করেন।শনিবার (৮ আগস্ট) অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে গিয়ে অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। তিনি আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দুর্ভোগ ও সমস্যার কথা শোনেন।এ সময় ফায়ার সার্ভিস, পুলিশ, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদস্যদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। অগ্নিকাণ্ডের সার্বিক পরিস্থিতি এবং ক্ষতিগ্রস্তদের জন্য তাৎক্ষণিকভাবে কী ধরনের সহায়তা প্রয়োজন, সে বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে সাময়িক প্রাথমিক আর্থিক সহযোগিতা তুলে দেন সংসদ সদস্য। পাশাপাশি ভবিষ্যতে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং ক্ষতিগ্রস্তদের এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার শক্তি কামনা করেন।উল্লেখ্য, বড় বাজারের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার মাধ্যমে তাদের ক্ষতি কাটিয়ে ওঠার প্রত্যাশা করছেন।

নেত্রকোণা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে এমপি আনোয়ারুল হক
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream